নিজস্ব প্রতিবেদক
হিজলা (বরিশাল)
বরিশাল জেলার হিজলা উপজেলার ১নং হরিনাথপুর ইউনিয়ন মহিলা দলের উদ্যোগে এক কর্মীসভা সফলভাবে সম্পন্ন হয়েছে। ২৪ অক্টোবর বিকাল ৩টায় সংগঠনের স্থানীয় কার্যালয়ে মহিলা দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এ কর্মীসভার আয়োজন করা হয়। কর্মীসভায় সভাপতিত্ব করেন হিজলা উপজেলা মহিলা দলের সভাপতি কাজী নাসরিন খানম। উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রুমা খানমের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিজলা উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট দেওয়ান মোঃ মনির হোসেন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আলতাফ হোসেন খোকন। সভায় অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপি, হরিনাথপুর ইউনিয়ন বিএনপি এবং বিএনপি ও মহিলা দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষপর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে মহিলা দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃণমূল পর্যায়ে দলের সংগঠনকে সুসংগঠিত করা এবং নারীদের রাজনৈতিকভাবে সচেতন ও সক্রিয় করে তোলাই এই কর্মীসভার মূল উদ্দেশ্য। সভায় উপস্থিত নেতৃবৃন্দ মহিলা দলের ঐক্য, শক্তি ও অগ্রযাত্রা অব্যাহত রেখে সাংগঠনিক কাজ আরও জোরদার করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে দলের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
