কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের হোসেনপুরে এক কলেজছাত্রকে আটকে রেখে মারধর, শ্বাসরোধ করে হত্যাচেষ্টা, স্বর্ণালংকার ও মুঠোফোন ছিনিয়ে নেওয়া এবং বিবস্ত্র করে ভিডিও ধারণের অভিযোগে তরুণ দলনেতা সাকিব হাসান রাফিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা সংস্থা।
ভুক্তভোগী মারুফের করা অভিযোগের ভিত্তিতে হোসেনপুর থানায় মামলা হয়েছে। মামলাটির নম্বর ১৯। গত ২৩ অক্টোবর ২০২৬ তারিখে অভিযুক্তকে কিশোরগঞ্জের আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
এজাহার সূত্রে জানা যায়, বাদী মারুফ কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। অভিযুক্ত সাকিব হাসান রাফি ও বাদী—উভয়ের বাড়ি হোসেনপুর এলাকায়।
এজাহারে উল্লেখ করা হয়, গত ২১ অক্টোবর রাত আনুমানিক ১১টার দিকে দুই ভরি ওজনের স্বর্ণালংকার বিক্রির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন মারুফ। হোসেনপুর হাসপাতাল মোড়ে পৌঁছালে সাকিব হাসান রাফিসহ আরও কয়েকজন তাঁর পথরোধ করেন। পরে তাঁকে মোটরসাইকেল থেকে নামিয়ে এলএসডি খাদ্যগুদামের সামনে একটি পাঁচতলা ভবনে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
বাদীর অভিযোগ, ওই ভবনে নিয়ে স্বর্ণালংকার ও মুঠোফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে তাঁকে মারধর ও শারীরিক নির্যাতন করা হয়। এ সময় তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও নীলাফোলা জখম হয়। একপর্যায়ে তাঁকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।
এজাহার অনুযায়ী, অভিযুক্তরা তাঁর কাছ থেকে দুই ভরি ওজনের স্বর্ণালংকার, যার আনুমানিক মূল্য ৪ লাখ ৪০ হাজার টাকা, এবং একটি আইফোন ১৩ প্রো ম্যাক্স নিয়ে যান বলে অভিযোগ রয়েছে।
এ ছাড়া নির্যাতনের সময় তাঁকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করা হয় এবং বিষয়টি কাউকে জানালে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেছেন বাদী।
এ ঘটনায় দণ্ডবিধি, ১৮৬০-এর ১৪৩, ৩৪১, ৩৪২, ৩২৩, ৩০৭, ৩৮৪, ৩৫৫ ও ৫০৬ ধারাসহ অন্যান্য ধারায় মামলা হওয়ার তথ্য এজাহারে উল্লেখ রয়েছে।

