মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার
রাজশাহীর মোহনপুরে ৫৯ গ্রাম হেরোইনসহ মোঃ গোলাম হোসেন (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫-এর সিপিএসসি।
বুধবার (২১ অক্টোবর) রাত ৭টা ৪০ মিনিটে মোহনপুর থানার পিয়ারপুর গ্রামের ধুরইল বাজার থেকে কালীগঞ্জ বাজারগামী পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-৫-এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গোলাম হোসেনকে গ্রেপ্তার করা হয়। তিনি রাজশাহীর মোহনপুর উপজেলার সোহাগপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।
এ সময় তার হেফাজত থেকে ৫৯ গ্রাম হেরোইন, দুটি মোবাইল ফোন, একটি সিএনজি এবং নগদ ৪ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়।
পরে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে গ্রেপ্তার ব্যক্তিকে উদ্ধার করা আলামতসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-৫।
