মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার
রাজশাহীর মোহনপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে মাঠপর্যায়ে সততা, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে সঠিক তথ্য সংগ্রহের ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় তথ্য সংগ্রহকারীদের হাতে তথ্য সংগ্রহের কাজ পরিচালনার জন্য ট্যাব তুলে দেওয়া হয়।
শনিবার (১০ অক্টোবর) রাজশাহীর মোহনপুর উপজেলা পরিষদের সভাকক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় প্রতিটি পরিবারকে অন্তর্ভুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ কর্মসূচির আওতায় পরিবারের গৃহকর্ত্রীর নামে প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
প্রশিক্ষণে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের ক্ষেত্রে নির্ভুলতা নিশ্চিত করা, প্রকৃত উপকারভোগী পরিবার চিহ্নিত করা এবং কোনো ধরনের পক্ষপাত বা অনিয়ম এড়িয়ে চলার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। তথ্য সংগ্রহকারীদের সংগৃহীত তথ্যের ভিত্তিতেই উপকারভোগী পরিবার নির্বাচন ও কর্মসূচি বাস্তবায়নের কার্যক্রম পরিচালিত হবে। তাই তথ্য সংগ্রহের প্রতিটি ধাপে সততা ও নিরপেক্ষতা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
