মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার
রাজশাহীর মোহনপুর উপজেলায় যথাযথ মর্যাদায় ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহিমা বিনতে আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা খাতুন।
শিক্ষক সমিতির নেতৃবৃন্দের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. রেজাউল করিম।
আলোচনা সভায় বক্তারা জাতি গঠনে শিক্ষকদের অসামান্য অবদান, ত্যাগের মহিমা এবং শিক্ষকদের পেশাগত মর্যাদা ও অধিকার সুরক্ষার ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, শিক্ষকরাই সমাজের মূল চালিকাশক্তি এবং ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে তাদের ভূমিকা অপরিহার্য।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
