বকশিগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ করেছে জামালপুর ৩৫ বিজিবি ।গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে ৮৭৭ পিস প্রসাধনী আটক করা হলেও, কোনো চোরাকারবারিকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
শনিবার(৩ অক্টোবর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে দাঁতভাঙা বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১০৫৩/১-এস থেকে বাংলাদেশের ১০০ গজ ভেতরে কাউনিয়াচর এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়।পরবর্তীতে ঘটনাস্থল থেকে আসামীবিহীন পরিত্যাক্ত অবস্থায় ৮৭৭ পিস বিভিন্ন ধরণের প্রসাধনী ও কসমেটিকস সামগ্রী উদ্ধার করা হয়। যার মধ্যে রয়েছে নিরমা সাবান, স্কিন সাইন, আইশ্যাডো, বেটনোভেট ক্রিম, চুড়ি, চেইন ও কানের রিংসহ বিভিন্ন সামগ্রী।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।
