মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি

রংপুর ফুটবল রেফারি এসোসিয়েশনের নির্বাচন ২৫ জুলাই, মতবিনিময় সভা অনুষ্ঠিত
রংপুর, ৮ জুন : বাংলাদেশ ফুটবল রেফারি এসোসিয়েশন, রংপুর জেলা শাখার আসন্ন নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলকভাবে সম্পন্ন করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ জুন) রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও জেলা রেফারি এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আবদুল মাবুদ। এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মারুফ আহমেদ, উপ-পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী এবং উপ-পুলিশ কমিশনার (এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট) মো. আবদুর রহমান উপস্থিত ছিলেন।
সভায় বাংলাদেশ ফুটবল রেফারি এসোসিয়েশন, রংপুর শাখার নেতৃবৃন্দ ও সদস্যরা অংশ নেন। আলোচনায় সর্বসম্মতিক্রমে উপ-পুলিশ কমিশনার (এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট) মো. আবদুর রহমানকে প্রধান নির্বাচন কমিশনার করে তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। পাশাপাশি নির্বাচন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পাঁচ সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা পর্ষদ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সিদ্ধান্ত হয়, নির্বাচন কমিশন তফসিল ঘোষণা, ভোটার তালিকা প্রণয়ন ও চূড়ান্তকরণ, মনোনয়নপত্র বিতরণ ও যাচাই-বাছাই, আপিল নিষ্পত্তি, ভোটগ্রহণ, ফলাফল ঘোষণা এবং নবনির্বাচিত প্রতিনিধিদের কাছে দায়িত্ব হস্তান্তরসহ সার্বিক নির্বাচন কার্যক্রম পরিচালনা করবে।
এছাড়া সদস্য সংগ্রহ, সদস্য তালিকা হালনাগাদ, আবেদন গ্রহণ এবং নির্বাচন কমিশনকে প্রশাসনিক ও সাংগঠনিক সহায়তা দেওয়ার লক্ষ্যে নির্বাচন পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে।
সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৫ জুনের মধ্যে নতুন সদস্যপদের আবেদন গ্রহণ করা হবে। একইসঙ্গে বাংলাদেশ ফুটবল রেফারি এসোসিয়েশন, রংপুর শাখার নির্বাচন আগামী ২৫ জুলাই ২০২৬ অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করা হয়।
বক্তারা বলেন, ফুটবল রেফারিদের পেশাগত দক্ষতা, ঐক্য ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির জন্য একটি কার্যকর, স্বচ্ছ ও গণতান্ত্রিক সংগঠন গড়ে তোলা প্রয়োজন। এ লক্ষ্যে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভা শেষে উপস্থিত সবাই সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও পেশাদারিত্বপূর্ণ করতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *