মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি
রংপুর মহানগরীর কোতয়ালী থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে পৃথক দুইটি ঘটনায় ইয়াবা ও হেরোইনসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) এর নির্দেশনায় এবং সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালী জোন) ও অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।
প্রথম ঘটনায়, ৪ মে ২০২৬ তারিখ রাত ২৩:৩৫ ঘটিকায় কোতয়ালী থানাধীন ১৩ নং ওয়ার্ডের দামোদরপুর বালাপাড়া এলাকায় অভিযান চালিয়ে মোঃ সাদেকুল ইসলাম (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ২২ পিস ইয়াবা ট্যাবলেট (মোট ওজন ২.০২ গ্রাম, মূল্য আনুমানিক ৬,৬০০ টাকা) জব্দ করা হয়।
অপরদিকে, একই দিন সন্ধ্যা ১৯:৩০ ঘটিকায় ১৭ নং দক্ষিণ খলিফাপাড়া এলাকায় পৃথক অভিযানে মোঃ রফিক গাটু (৪৭) নামের আরেকজনকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ৫ পুড়িয়া হেরোইন (মোট ওজন ০.৫ গ্রাম, মূল্য আনুমানিক ১,০০০ টাকা) উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে আদালতে সোপর্দ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
বর্তমানে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
