মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি
রংপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশ-এর উদ্যোগে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) সকাল ১০:৩০ ঘটিকায় এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ তোফায়েল আহমেদ, ডিসি (ক্রাইম) মোঃ মাহফুজুর রহমান, ডিসি (ডিবি) সনাতন চক্রবর্তী এবং ডিসি (ক্রাইম অ্যান্ড অপস) লিমন রায়। এছাড়াও বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সভার সূচনা হয়। পরে পুলিশ সদস্যরা তাদের দায়িত্ব পালনের অভিজ্ঞতা, বিভিন্ন সমস্যা ও প্রস্তাব তুলে ধরেন। পুলিশ কমিশনার ধৈর্যের সঙ্গে এসব বিষয় শুনে তাৎক্ষণিক সমাধানের উদ্যোগ নেন এবং বাকি সমস্যাগুলোর দ্রুত নিষ্পত্তির আশ্বাস দেন।
সভায় পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিক সুস্থতার ওপর গুরুত্বারোপ করা হয়। কমিশনার ব্যক্তিগত স্বাস্থ্য, পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা বজায় রাখার নির্দেশনা দেন এবং বলেন, সুস্বাস্থ্যই সর্বোত্তম সম্পদ।
এছাড়া সদস্যদের আবাসন ব্যবস্থা উন্নয়ন, ব্যারাকের পরিবেশ ভালো করা এবং রেশন সামগ্রীর মান বৃদ্ধির বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়। প্রয়োজন অনুযায়ী ছুটি প্রদানের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল ইউনিটকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। পাশাপাশি নগরীর যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদারের নির্দেশ দেওয়া হয়।
সবশেষে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
