মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার
নওগাঁর পোরশা থানায় উদ্ধারকৃত প্রায় ১৩৭ কেজি ওজনের একটি প্রাচীন বিষ্ণুমূর্তি শিক্ষা ও গবেষণার উদ্দেশ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রিত বরেন্দ্র গবেষণা জাদুঘর-এ হস্তান্তর করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর দিকনির্দেশনায় গত ২৫ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পোরশা থানাধীন নিতপুর ইউনিয়নের শীতলী গ্রামে একটি পারিবারিক কবরস্থানের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় বিষ্ণুমূর্তিটি উদ্ধার করা হয়। মূর্তিটির উচ্চতা প্রায় ৫৬ ইঞ্চি এবং ওজন আনুমানিক ১৩৭ কেজি।
উদ্ধারকৃত এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি ১৯৬৮ সালের পুরাকীর্তি আইন (১৯৭৬ সালে সংশোধিত) অনুযায়ী প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন কোনো জাদুঘরে সংরক্ষণের বিধান থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া গ্রহণ করা হয়। এ প্রেক্ষিতে বরেন্দ্র গবেষণা জাদুঘর কর্তৃপক্ষ মূর্তিটি গবেষণা ও শিক্ষামূলক কাজে ব্যবহারের আগ্রহ প্রকাশ করলে আদালতের অনুমতির জন্য আবেদন করা হয়।
পরবর্তীতে আদালত গত ১২ মার্চ ২০২৬ তারিখে মূর্তিটি বরেন্দ্র গবেষণা জাদুঘরের পরিচালকের কাছে হস্তান্তরের নির্দেশ প্রদান করে। আদালতের নির্দেশনা অনুযায়ী মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে পোরশা থানা পুলিশ আনুষ্ঠানিকভাবে মূর্তিটি জাদুঘরের ভারপ্রাপ্ত পরিচালক ড. কাজি এম মোস্তাফিজুর রহমান-এর নিকট হস্তান্তর করে।
সংশ্লিষ্টরা জানান, ঐতিহাসিক এই প্রত্নসম্পদটি ভবিষ্যতে গবেষণা ও প্রদর্শনের মাধ্যমে দেশের ইতিহাস-ঐতিহ্য সম্পর্কে নতুন প্রজন্মকে সমৃদ্ধ করবে।
