পাইকগাছায় কুপ্রস্তাবের প্রতিবাদ করায় এক বিধবা নারীকে মারপিট করার অভিযোগ উঠেছে। এঘটনায় থানায় লিখিত অভিযোগ হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
উপজেলার গড়ইখালী ইউনিয়নের ফকিরাবাদ গ্রামের মৃত আব্দুল গফুর সরদারের স্ত্রী মনজুয়ারা বেগম জানান, স্বামীর মৃত্যুরপর দিন মজুরের কাজ করে দুটি সন্তান নিয়ে স্বামীর ভিটায় বসবাস করে আসছে। কিন্তু স্বামী না থাকার সুযোগে স্থানীয় আবুল কালাম আজাদের ছেলে বাকের গাজী সহ কতিপয় যুবকরা বিভিন্ন সময় আমাকে কুপ্রস্তাব দিয়ে আসছে। প্রস্তাবে রাজি না হওয়ায় তারা বিভিন্ন সময়ে আমাকে ক্ষতি করার ভয় দেখায়।
গত ৩১ মে সন্ধ্যায় কুপ্রস্তাব দিলে তা প্রত্যাখ্যান করায় তারা কয়েকজন মিলে আমাকে বেধড়ক মারপিট করে।
মনজুয়ারার ছেলে হাফিজুর গাজী জানান, আহত মাকে তাৎক্ষনিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় মনজুয়ারা বাদী হয়ে বাকের, হাফিজুর ও অলিউর রহমান গাজীকে বিবাদী করে থানায় লিখিত অভিযোগ করেছে।
এ ব্যাপারে ওসি ওবাইদুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
