খুলনার কয়রা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে বিএনপির দুই নেতাসহ মোট ১২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার মনোনয়পত্র দাখিলের শেষ দিনে সহকারি রির্টানিং কর্মকর্তার দপ্তর থেকে এ তথ্য পাওয়া গেছে। এর মধ্যে চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) ৮ জন ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে দুইজন প্রার্থী রয়েছেন।

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে যারা মনোনয়নপত্র দাখিল করেছেন- চেয়ারম্যান পদে উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলার যুবলীগের সভাপতি এস এম শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জি এম মোহসীন রেজা। ভাইস চেয়রম্যান (পুরুষ) পদে বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য শেখ আব্দুর রশিদ, জামায়াত নেতা শফিকুল ইসলাম মোল্লা, বর্তমান ভাইস চেয়ারম্যান কমলেশ সানা, বিএনপি নেতা আব্দুর রব খোকন, মেহেদী হাসান, আরাফত হোসেন, দিদারুল ইসলাম ও এস এম আব্দুর রাজ্জাক। ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ও মহিলা দলের সভাপতি নাসিমা আলম ও আয়েশা খাতুন।

এবারের উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে বিএনপি ও জামায়াত। সেই ঘোষণা উপেক্ষা করে কয়রা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য শেখ রশিদুজ্জামান, উপজেলার মহিলা দলের সাবেক সভাপতি ও বর্তমান ভাইস চেয়ারম্যান নাসিমা আলম, বিএনপি নেতা আব্দুর খোকন ও জামায়াত নেতা শফিকুল মোল্লা মনোনয়নপত্র দাখিল করেছেন।

সাতটি ইউনিয়ন নিয়ে গঠিত এবারের কয়রা উপজেলার পরিষদ নির্বাচনে ভোটার সংখ্যা ১ লাখ ৭৮ হাজার ৫৩৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯০ হাজার ৩২০, নারী ভোটার ৮৮ হাজার ২১৬ ও একজন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।

নির্বাচন কমিশনের ঘোষিত তপশিল অনুযায়ী, আগামী ২৯ মে নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২ মে। যাচাই-বাছাই ৫ মে। আপিল নিষ্পত্তি ৯ থেকে ১১ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১২ মে। ১৩ মে প্রতীক বরাদ্দ দেওয়া হবে প্রার্থীদের।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *