নীলফামারী সদরের সোনারায় ইউনিয়নের বাবুর হাট এলাকা থেকে মুন্নি আক্তার (১৩) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম।
নিহত মুন্নি আক্তার ওই গ্রামের রহিদুল ইসলামের মেয়ে ও সোনারায় সংগলশী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।
পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা যায়, গতকাল রাতে তাড়াতাড়ি ঘুমাতে যায় মুন্নি। এরপর পরিবারের লোকজন তাকে খাবার খাওয়ার জন্য ডাকতে গেলে দরজা বন্ধ পেয়ে জানালা দিয়ে দেখে তার মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলছে। পরে থানায় খবর দিলে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে ওসি তানভিরুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
