নিজস্ব প্রতিনিধি
পাইকগাছার গড়ইখালী ফেরিঘাট মোটরসাইকেল স্ট্যান্ড অফিসে হামলা, ভাংচুর ও চালকদের মারপিট করে জখম করার অভিযোগ উঠেছে। এলাকার হৃদয় গাইন সহ ৪ যুবক সোমবার রাত ৮ টার দিকে এ হামলা ও মারপিট করে বলে থানায় অভিযোগ করেছেন চালক সমিতির সভাপতি। এর প্রতিবাদে মঙ্গলবার সকালে মোটরসাইকেল স্ট্যান্ডে প্রতিবাদ সভা করে কতিপয় দুর্বৃত্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন মোটরসাইকেল স্ট্যান্ড কমিটির নেতৃবৃন্দ।
কমিটির সভাপতি জিএম মোস্তাক হোসেন বলেন সোমবার সকাল ৯ টার দিকে আমি সহ ১৪/১৫ জন চালক মোটরসাইকেল স্ট্যান্ড অফিস এ বসে ছিলাম। এসময় এলাকার কতিপয় যুবক হৃদয় গাইন আমাদের অফিস ঘরে ঢুকে ভাংচুর, অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দিয়ে চলে যায়। পরে রাত ৮টার দিকে হৃদয় গাইন, আমানউল্লাহ গাইন, সোনাই ও হাবিবুর রহমান নামের ৪ যুবক দুটি মোটরসাইকেল যোগে এসে মোটরসাইকেল স্ট্যান্ড অফিস এ ঢুকে প্রথমে চালক সাইফুল ইসলাম কে এবং পরে আমাকে মারপিট ও ছুরিকাঘাত করে জখম করে দ্রুত গতিতে চলে যায়। এ ঘটনায় হৃদয় গাইন সহ ৪ যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে।
এ ব্যাপারে সাবেক ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস বলেন আমরা তখন গড়ইখালী বাজারে আওয়ামী লীগের দলীয় মিটিং করতে ছিলাম। বিষয়টি নিয়ে মোবাইলে হৃদয়ের সাথে কথা হলে সে আমাকে ও হুমকি দেয় এবং বিষয়টি তার চাচা আজমুলকে জানানো হয় বলে সাবেক এ জনপ্রতিনিধি অভিযোগ করেন।
এলাকার শান্তি শৃঙ্খলা স্বাভাবিক রাখতে থানা পুলিশ ও প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন ইউপি চেয়ারম্যান জিএম আব্দুস ছালাম কেরু। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান থানার ওসি ওবাইদুর রহমান।
