পাইকগাছায় বাসের চাপায় এক শ্রমিক নিহত হয়েছে। সোমবার (০৪ মার্চ) সকালে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক বাসটি জব্দ করেছে পুলিশ। তবে গাড়ির ড্রাইভার বা হেলপার কাউকে আটক করা যায়নি।
পুলিশ জানায়, উপজেলার লস্কর ইউনিয়নের কয়রা-পাইকগাছা সড়কে নির্মানাধীন কৃষি কলেজের কাছে পাইকগাছা থেকে ছেড়ে আসা দ্রুত গতির বাসটি যাত্রীবাহি একটি ভ্যানকে ধাক্কা দিলে ভ্যানের যাত্রীরা ছিটকে পড়ে।
এসময় লস্কর ইউনিয়নের লক্ষীখোলা গ্রামের মান্দার সরদারের পুত্র মোছাল সরদার (৬০) মারাত্বক আহত হলে পথচারীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসক মুছালকে মৃত ঘোষণা করে। এ সময় আহন হয় ভ্যানচালক এবং ভ্যানের অপর এক যাত্রী। আহতরা পাইকগাছা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবাইদুর রহমান জানান, বাস চাপার ঘটনায় নিহত ব্যক্তির সুরত হাল রিপোর্ট তৈরি শেষে ময়না তদন্তের জন্য তার মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
