নরসিংদীর পলাশ উপজেলায় নানা ধরনের প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে কড়া নাড়তে শুরু করেছেন আসন্ন পলাশ উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক সম্ভাব্য প্রার্থীরা। নিজের প্রার্থীতা জানান দিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি দিচ্ছেন কেউ কেউ। আবার কারো পক্ষে ফেসবুকে ছবি পোস্ট দিয়ে দোয়া চাইছেন তার কর্মী সমর্থকরা। এছাড়াও শহরে গ্রামে হাট বাজারগুলোতে ভোটারদের কাছে দোয়া ও সমর্থন চাচ্ছেন একাধিক প্রার্থী। উৎসুক হয়ে উঠছেন ভোটাররাও। তবে শুনা যায় বিএনপিরও কেউ কেউ স্থানীয় সরকার পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করবেন। তবে সরজমিনে স্বতন্ত্র প্রার্থীদেরও দেখা গেছে। এইদিকে এইবার স্থানীয় সরকার পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীক ও সমর্থন না থাকায় উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা জানান দিচ্ছেন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের অধিকাংশ নেত্রীবর্গ। সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী ঘোড়াশাল পৌরসভার দুই দুই বারের সাবেক সফল মেয়র ও ঘোড়াশাল পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শরীফুল হক শরিফ। জানান,
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পলাশ উপজেলাকে স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলতে চাই, নির্বাচনে জয়যুক্ত হলে অবকাঠামোগত উন্নয়নসহ পলাশ উপজেলার সর্বস্তরের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করবো ইনশাআল্লাহ্। পলাশ উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান জাবেদ হোসেন জানান পলাশবাসীর ভাগ্য উন্নয়নের জন্য আগেও কাজ করেছি এখনও কাজ করতে চাই। অসমাপ্ত কাজগুলো এগিয়ে নিতে পরিকল্পিত ভাবে উন্নয়ন বাস্তবায়ন করার মাধ্যমে পলাশ উপজেলাকে এগিয়ে নিয়ে যেতে চাই। জনগন আমার প্রতি আস্থা রাখলে এই উপজেলাকে একটি মডেল উপজেলায় রূপান্তর করতে পারবো। পলাশ উপজেলার সার্বিক উন্নয়ন ঘটাতে পারলে পলাশ উপজেলাবাসীর জীবনযাত্রার মান উন্নয়ন সম্ভব।
সাবেক ভাইস চেয়ারম্যান ও ঘোড়াশাল পৌরসভার বিএনপির সিনিয়র সহসভাপতি মোঃ আলম মোল্লা জানান, বিএনপি যদি উপজেলা নির্বাচনে আসে এবং আমাকে দল থেকে মনোনয়ন দেওয়া হয় তবে শতপ্রতিকূলতার মধ্যেও আমি শেষ পর্যন্ত নির্বাচন চালিয়ে যাবো এবং আমি বিজয়ী হবো ইনশাআল্লাহ। পলাশ উপজেলার ভাইস চেয়ারম্যান মোঃ কারীউল্লাহ সরকার জানান, আমি যদি আবারও আপনাদের দোয়ায় ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হতে পারি তাহলে আমি কথা দিলাম আমার এই উপজেলাকে মাদকমুক্ত, জঞ্জালমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবজিমুক্ত, থানার দালালমুক্ত, রাস্তাঘাটের উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করবো। সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক সহ-সভাপতি পলাশ উপজেলা সাবেক ছাত্রলীগ নেতা এডভোকেট সাইফুল ইসলাম গাজী বলেন আমি যদি নির্বাচনে জয়লাভ করতে পারি তবে আমি আমার উপজেলাকে আপনাদের সহযোগিতা নিয়ে একটি রোল মডেল উপজেলা হিসেবে তৈরি করতে সক্ষম হবো।
