নিজস্ব প্রতিবেদক
আদালত অবমাননার কারণে কুমিল্লা সাবেক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: সোহেল রানাকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে হাইকোর্ট। তাকে ৫ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
পাশাপাশি সোহেল রানাকে আগামী সাত দিনের মধ্যে ঢাকা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণের নির্দেশও প্রদান করেছে হাইকোর্ট।
আজ বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ বদরুজ্জামান ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই নির্দেশনা প্রদান করেন।
এক মামলায় উচ্চ আদালতের আদেশ উপেক্ষার বিষয়ে ব্যাখ্যা দাখিল করেছিলেন বিচারপতি সোহেল রানা। ব্যাখায় সন্তুষ্ট না হয়ে সোহেল রানার প্রতি আদালত অবমাননার রুল দিয়েছিলেন হাইকোর্ট।রুলের শুনানি শেষে আজ হাইকোর্ট এই আদেশ প্রদান করেন।
আদালতে আজ আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী প্রণব কান্তি রায়।সোহেল রানার পক্ষে শুনানিতে ছিলেন জ্যৈষ্ঠ আইনজীবী শাহ মঞ্জুরুল হক।
আইনজীবী প্রণব কান্তি রায় বলেন সোহেল রানা নিঃশর্ত ক্ষমা চেয়েছিলেন। কিন্তু তার নিঃশর্ত ক্ষমা প্রার্থনা গ্রহণ না করে তাকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। আর জরিমানার ৫ হাজার টাকা তাকে সুপ্রিম কোর্টের রেজিস্টার জেনারেল বরাবর জমা দিতে বলা হয়েছে।
সোহেল রানা বর্তমানে আইন মন্ত্রণালয়ে অতিরিক্ত জেলা জজ হিসেবে সংযুক্ত আছেন বলে জানান আইনজীবী প্রণব কান্তি রায়।
