ময়মনসিংহ বিভাগের শেরপুর, জামালপুর, নেত্রকোণা ও ময়মনসিংহ জেলা মিলে ভারতীয় সীমান্তঘেষা গারো পাহাড় অবস্থিত। শেরপুরে গজনি, মধুটিলা, জামালপুরে লাউচাপড়া, নেত্রকোণায় পানিহাটা, লেংগুরা, বিরিশিরি, বিজয়পুর, কলমাকান্দার পাঁচগাও পর্যটকগণ ঘুরে বেড়াতে পারলেও ময়মনসিংহ জেলাতে গারো পাহাড় বেড়ানোর কোন আনুষ্ঠানিক সুযোগ তেমন ছিল না। ময়মনসিংহের সাবেক জেলা প্রশাসক মিজানুর রহমান এর উদ্যোগে হালুয়াঘাটের গাবরাখালীতে ১২৫ একর এলাকাজুড়ে বিস্তৃত ছোট-বড় ১৬৭টি টিলা নিয়ে পর্যটনকেন্দ্র করার উদ্যোগ নেয়া হয়। পর্যটন কেন্দ্রটিতে যেকোন ধরনের গাড়ি নিয়ে ভ্রমন করা সম্ভব। ভেতরে সুবিশাল পিকনিক মাঠ, পার্কিং, পাহাড়ে চড়ার সিড়ির ব্যবস্থা, হোটেল, রেস্টরুম, নামাজ রুমসহ মোটামোটি সবধরনের সেবা রয়েছে।
গাবরাখালীর পাশেই কড়ইতলী পার্ক ও স্থলবন্দর, গাবরাকুড়া স্থলবন্দর, কয়লা ডিপো, জিরো পয়েন্ট, পাহাড়ি নিতাই নদী অবস্থিত। যোগাযোগ ব্যবস্থা ভাল থাকায় ময়মনসিংহ বা ঢাকা থেকে দিনে দিনেই ঘুরে আসা সম্ভব হালুয়াঘাটের এ পর্যটন স্থানসমূহ।
