সামদানি হোসেন বাপ্পি
ময়মনসিংহ নগরীর আকুয়া এলাকায় মাত্র ১০০ টাকা নিয়ে বিরোধের জেরে এক যুবককে হত্যার ঘটনা ঘটেছে।খবর পেয়ে পুলিশ অভিযুক্তকে আটক করেছে।
পুলিশ জানায় নগরীর আকুয়া দক্ষিণ পাড়া এলাকার আমজাদ বেপারী রোডে সোমবার সন্ধ্যায় বিবাদে জড়ায় নাহিদ মিয়া(৩০) ও হৃদয় মিয়া (২৫)।নাহিদ আকুয়া গরু খোর এলাকার দুস মোহাম্মদের ছেলে।হৃদয় দক্ষিণ পাড়া দরবার শরীফ রোডের আব্দুল জলিলের ছেলে।নাহিদ ও হৃদয় একসাথে চলাফেরা করতেন।নাহিদের কাছে ১০০ টাকা পেতেন হৃদয়।
সোমবার সন্ধ্যায় ১০০ টাকা নিয়ে দুইজনের কথা কাটাকাটি হয়।একপর্যায়ে হৃদয় কাঁচের টুকরা নিয়ে নাহিদের পেটে আঘাত করে।এতে নাহিদ গুরুতর আহত হয়।স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।এলাকায় অভিযান চালিয়ে রাত সাড়ে নয়টায় হৃদয়কে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন বলেন মাত্র ১০০ টাকার জন্য হত্যাকাণ্ডটি ঘটেছে।
