আরিফ রব্বানী
ময়মনসিংহ
ময়মনসিংহ জেলায় ‘অর্থনৈতিক শুমারি ২০২৪’ এর ফলাফল এবং বাংলাদেশ স্ট্যাটিস্টিক্যাল বিজনেস রেজিস্টার (বিএসবিআর) বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর ২০২৬) সকালে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এর আয়োজনে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে দেশের অর্থনৈতিক কাঠামোর পরিবর্তন ও অগ্রগতির চিত্র তুলে ধরে অর্থনৈতিক শুমারি ২০২৪ এর ফলাফল এবং বাংলাদেশ স্ট্যাটিস্টিক্যাল বিজনেস রেজিস্টার (বিএসবিআর) বিষয়ক এই সেমিনারের আয়োজন করা হয়।
উক্ত কর্মশালায় জেলা প্রশাসক মো: সাইফুর রহমান
সভাপতিত্বে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে জাতীয় প্রতিবেদন বিষয়ে সভাকে অবহিত করেন
জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক (ভারপ্রাপ্ত), সৌরভ পাল মিঠুন। সেমিনারে আলোচক হিসেবে অংশগ্রহণ করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রমিজা বেগম।
এছাড়াও কর্মশালায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মোঃ গোলাম মাসুম প্রধান,অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল করিম, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ফখরুল হাসান চৌধুরী,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকসহ জেলার ১৪ টি উপজেলার উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, পরিবার পরিকল্পনা অধিদপ্তরে উপপরিচালক, ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর সমাজ সেবা কর্মকর্তা উম্মে হালিমা, জেলা সমবায় কর্মকর্তা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শক অধিদপ্তর এর মহাপরিদর্শক, পরিবেশ অধিদপ্তর এর উপপরিচালক, জেলা মৎস্য কর্মকর্তা, জেলা তথ্য অধিদপ্তরের পরিচালক, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন দপ্তর প্রধানগণ।
সদর উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মেহেদী হাসান এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় জানানো হয়-একটি দেশের আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক উভয় খাতের বেঞ্চমার্ক পরিসংখ্যানের প্রাথমিক উৎস হলো অর্থনৈতিক শুমারি। অর্থনৈতিক শুমারি থেকে সংগৃহীত তথ্যে মূলত একটি দেশের সকল অর্থনৈতিক কর্মকাণ্ডসম্পন্ন ইউনিটের সংখ্যা, নিয়োজিত জনবল, ইউনিটের কাঠামোগত প্রকৃতি, অর্থনৈতিক ইউনিটগুলিতে বিদ্যমান সুযোগ-সুবিধা ও পরিষেবা ইত্যাদি অন্তর্ভুক্ত থাকে। এর মাধ্যমে দেশের শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠান সংক্রান্ত বিভিন্ন বিষয়ে হালনাগাদ তথ্য পাওয়া যায়, যার ওপর ভিত্তি করে এ সংক্রান্ত নীতি নির্ধারণ ও পরিকল্পনা প্রণয়ন সহজতর হয়। তাছাড়া দেশের মোট স্থূল উৎপাদনের সঠিক আকার নিরূপণসহ অন্যান্য অর্থনৈতিক সূচকগুলোও যৌক্তিকভাবে নিরূপণে অর্থনৈতিক শুমারিতে প্রাপ্ত তথ্যের গুরুত্ব তোলে ধরা হয়।
‘সময়ের বিবর্তনে দেশের কৃষি বহির্ভূত অর্থনীতির কাঠামোগত পরিবর্তন সংক্রান্ত পরিসংখ্যান প্রস্তুত’–এই লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক ২০২৪ সালে CAPI (Computer Assisted Personal Interviewing) এবং জিআইএস (GIS) ম্যাপিং ব্যবহার করে দেশের চতুর্থ অর্থনৈতিক শুমারি পারচালিত হয়। বাংলাদেশে প্রথম অর্থনৈতিক শুমারি অনুষ্ঠিত হয় ১৯৮৬ সালে। দ্বিতীয় অর্থনৈতিক শুমারি ২০০১ এবং ২০০৩ সালে (দুটি পর্যায়ে) এবং তৃতীয় অর্থনৈতিক শুমারি ২০১৩ সালে অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় চতুর্থ তথা সর্বশেষ অর্থনৈতিক শুমারি অনুষ্ঠিত হয় ২০২৪ সালে।
আলোচনা সভায় আরও জানানো হয়, এ শুমারিতে মোট ৮৭,৪১৯টি গণনা এলাকা এলাকা (EA) গঠন করে প্রতিটি এলাকায় আনুমানিক ১৫০টি অর্থনৈতিক ইউনিট অন্তর্ভুক্ত করা হয়। মাঠপর্যায়ে তথ্যসংগ্রহে ৮৭,৪১৯ জন গণনাকারী, ১৬,৯৩৪ জন সুপারভাইজার, ২,৫৭৭ জন জোনাল অফিসার, ২,৫৭৭ জন আইসিটি সুপারভাইজার এবং বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের সমন্বয়কারীগণ অংশগ্রহণ করেন।
শুমারির তথ্য অনুযায়ী, ২০২৪ সালে অর্থনৈতিক ইউনিটের সংখ্যা দাঁড়িয়েছে ১,১৭,০২,৭৯২টি, যা ২০১৩ সালে ছিল ৭৮,১৮,৫৬৫টি। তাতে বোঝা যায়, দুইটি শুমারির মধ্যে (২০১৩ থেকে ২০২৪) অর্থনৈতিক ইউনিটের সংখ্যা ৪৯.৬৮% বৃদ্ধি পেয়েছে। অপরদিকে, ময়মনসিংহ জেলায় বর্তমান অর্থনৈতিক ইউনিটের সংখ্যা দাঁড়িয়েছে ৩,৪৬,৪৫৫ টি, যার মধ্যে স্থায়ী ১,৯৮,১০১ টি , অস্হায়ী ১৯,১০৯ টি ও অর্থনৈতিক খানা রয়েছে ১,২৯,২৪৫ টি ।
