নিরব হাসান
ময়মনসিংহ প্রতিনিধি
বিশ্ব নাট্য দিবস উপলক্ষে ময়মনসিংহ টাউন হলের ভাষা সৈনিক সামসুল হক মুক্ত মঞ্চে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট নাট্যকার, অভিনেতা, কবি, কথাসাহিত্যিক, সমাজসেবক ও আইনজীবী এডভোকেট ওয়ালি উল্লাহ আকন্দ।
বক্তব্যে তিনি বলেন, নাটক মানুষের জীবনের প্রতিচ্ছবি। সমাজের অসঙ্গতি, অন্যায় ও অবিচারের বিরুদ্ধে নাট্যচর্চা সব সময়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে নাট্যচর্চার প্রতি আগ্রহী করতে হলে স্থানীয় পর্যায়ে সাংস্কৃতিক কর্মকাণ্ড আরও জোরদার করতে হবে।
অনুষ্ঠানে স্থানীয় নাট্যকর্মী, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বিশ্ব নাট্য দিবস উপলক্ষে বক্তারা নাট্যচর্চা ও সংস্কৃতির বিকাশে সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করা হয় এবং অংশগ্রহণকারী শিল্পীরা নাটক ও কবিতা আবৃত্তির মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন।।
