স্বীয় পেশাদারিত্ব ও জ্ঞানগর্ভ কর্মতৎপরতায় সুপরিচিত অতিরিক্ত আইজিপি (গ্রেড-১) মো: মনিরুল ইসলাম বিপিএম(বার), পিপিএম(বার), স্পেশাল ব্রাঞ্চ, বাংলাদেশ পুলিশ, ঢাকা আজ ১৩ আগস্ট ২০২৩ তারিখ ময়মনসিংহ জেলা সফর ও পরিদর্শন করেন। পরিদর্শনকালে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত)দেবদাস ভট্টাচার্য্য, বিপিএম সার্বক্ষণিক তাঁর সাথে পরিদর্শন ও অন্যান্য সকল কার্যক্রমে অংশগ্রহণ করেন। ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম স্পেশাল ব্রাঞ্চ প্রধানের সফরকালে সার্বিক ব্যবস্থাপনা ও সমন্বয়ের দায়িত্ব পালন করেন।

অতিরিক্ত আইজিপি ময়মনসিংহ জেলা পুলিশ লাইন্সে অবস্থিত ‘আনন্দলোকে মঙ্গলালোকে’ মাল্টিপারপাস হলে এক বিশেষ অপরাধ পর্যালোচনা ও কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। সভার শুরুতেই ১৫ আগস্ট জাতীয় শোক দিবস-২০২৩ উপলক্ষে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর সমগ্র পরিবারের প্রতি শ্রদ্ধা ও শোক জ্ঞাপন করে সকলে এক মিনিট নীরবতা পালন করেন। রেঞ্জ ডিআইজি এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় রেঞ্জের আওতাধীন সকল জেলার সম্মানিত পুলিশ সুপারবৃন্দ, রেঞ্জ অফিসের পুলিশ সুপারবৃন্দ, সকল সার্কেল অফিসার ও অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন। কল্যাণ সভায় সম্মানিত প্রধান অতিথি জুন-২০২৩ মাসের সার্বিক আভিযানিক সাফল্যের অভিন্ন মানদণ্ডে নির্বাচিত শ্রেষ্ঠ কর্মকর্তাগণ ও ইউনিটকে সম্মাননা স্মারক ও সার্টিফিকেট প্রদানের মাধ্যমে পুরষ্কৃত করেন। ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর হিসেবে কোতয়ালি মডেল থানার এস আই(নি:) মো: আজগর আলী, শ্রেষ্ঠ থানা হিসেবে ময়মনসিংহ কোতয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মো: শাহ কামাল আকন্দ পিপিএম, শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে ময়মনসিংহ জেলার গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: সুমন মিয়া এবং শ্রেষ্ঠ জেলা হিসেবে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম মহোদয় সম্মাননা স্মারক গ্রহণ করেন। অতিরিক্ত আইজিপি(গ্রেড-১) মো: মনিরুল ইসলাম বিপিএম(বার), পিপিএম(বার) মহোদয় ময়মনসিংহ জেলা পুলিশের সার্বিক কার্যক্রম ও আভিযানিক সাফল্যে সন্তুষ্টি জ্ঞাপন করেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আইন-শৃঙ্খলা রক্ষার্থে দেশপ্রেম ও মানবতার অমোঘ বাণী অন্তরে ধারণ করে সকল পুলিশ সদস্যকে শৃঙ্খলা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। তিনি জনগণের সাথে পুলিশের সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রাখার পাশাপাশি দুষ্কৃতকারীদের দমনে আইন প্রয়োগ করার ক্ষেত্রে কঠোরতা বজায় রাখার পরামর্শ প্রদান করেন। এ সময় উপস্থিত সকল পর্যায়ের পুলিশ কর্মকর্তাবৃন্দ তাঁর আহ্বানে অত্যন্ত উজ্জীবিত ও অনুপ্রাণিত হন যা সকলের কর্মস্পৃহাকে বহুলাংশে বর্ধিত করবে।

সভা শেষে প্রধান অতিথি ময়মনসিংহ বিভাগের সকল উচ্চপদস্থ সরকারী কর্মকর্তাবৃন্দের সাথে এক সৌজন্যমূলক মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন। এ সময় ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া সহ বিভিন্ন দপ্তরের দপ্তরপ্রধানগণ তাঁর সাথে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন। পরিশেষে তিনি সকল কর্মকর্তাবৃন্দের সাথে ফটোসেশানে অংশগ্রহণ করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *