স্থানীয় প্রতিনিধি
শুধু নিজ পদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে নয়, সকল প্রার্থীদের মধ্যে পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন নব নির্বাচিত উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অনিতা রানী মন্ডল।
রোববার ৯৭টি কেন্দ্রে ৬ষ্ঠ উপজেলা পরিষদের ৩য় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করেন উপজেলা সদরের ঐতিহ্যবাহী রোজ বাড কিন্ডার গার্টেন স্কুলের প্রধান শিক্ষক অনিতা রানী মন্ডল।
ব্যক্তিগত জীবনে প্রথমবার নির্বাচন করতে এসেই প্রাপ্ত ফলাফলে সবাইকে চমকে দিয়েছেন মুক্তিযোদ্ধা কন্যা অনিতা রানী মন্ডল। তিনি শুধু নিজ পদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নয় নির্বচনে অংশগ্রহণকারী সকল অর্থাৎ ১৯ প্রার্থীর মধ্যে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন।
তিনি ফুটবল প্রতীকে ৩৬ হাজার ২৮১ ভোট পেয়ে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সর্বোচ্চ ভোটের দিক থেকে তিনিই সবচেয়ে বেশি ভোট পেয়েছেন।
তার পরে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের যুগ্ম—সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ^াস। তিনি চিংড়ি মাছ প্রতীকে ৩৩ হাজার ৮৭২ ভোট পেয়েছেন।
অনিতা রানী মন্ডল শুধু জয়লাভ করে নয় সবচেয়ে বেশি ভোট পেয়ে সবাইকে চমকে দিয়েছেন। অনিতা রানী পাইকগাছা পৌর সদরের প্রয়াত দিপক কুমার মন্ডলের সহধর্মীনি। দিপক কুমার মন্ডল পাইকগাছা পৌরসভা আওয়ামী লীগ, উপজেলা পূজা উদযাপন পরিষদ ও উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ছিলেন।
অনিতা রানী মন্ডলের পিতা মুক্তিযোদ্ধা প্রয়াত সুবল চন্দ্র মন্ডল উপজেলার লস্কর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। শ^শুর প্রয়াত বীরেন্দ্রনাথ মন্ডল দেলুটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। তার দেবর রিপন কুমার মন্ডল টানা ৩ বার দেলুটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
অনিতা রানী মন্ডলের রাজনৈতিক পরিচয় খুব বেশি সমৃদ্ধের না হলেও একজন শিক্ষানুরাগী ও সাহিত্য প্রেমী ব্যক্তি হিসেবে এলাকায় সু—পরিচিত। তিনি একজন সফল প্রধান শিক্ষক।
তিনি দীর্ঘদিন রোজ বাড কিন্ডার গার্টেন স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছেন। স্কুলটি প্রয়াত স্বামী দিপক কুমার মন্ডল প্রতিষ্ঠা করেন।
এছাড়া অনিতা রানী মন্ডল শিবসা সাহিত্য অঙ্গন ও সমাজকল্যাণ সংস্থার সহ—সভাপতি ও পৌরসভা সাংস্কৃতিক জোট সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। তার এ বিজয়ে তাকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠান ও শ্রেণি পেশার মানুষ।
সৃষ্টার কাছে শুকরিয়া জানিয়ে এ বিজয় এলাকার মানুষের জন্য উৎসর্গ করেছেন নবনির্বাচিত উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অনিতা রানী মন্ডল।
