নীলফামারীর ডিমলায় ছেলের কোদালের কোপে বাবা আব্দুল আজিজ (৭০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৮ নভেম্বর) উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের উত্তর সোনাখুলী মিলনপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত আব্দুল আজিজ ওই এলাকার মৃত পহাদ্দির ছেলে এবং তার বড় ছেলে নুর ইসলামের কোদালের কোপে নিহত হন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, ‘জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে সকালে নিহত আজিজের সাথে তার বড় ছেলে নুর ইসলামের বাড়ির পার্শ্বে ভূট্টা লাগানোর জমিতে মারামারির ঘটনা ঘটে। ঘটনার একপর্যায়ে নুর ইসলাম হাতে থাকা কোদাল দিয়ে তার বাবা আব্দুল আজিজের মাথায় কোপ দেয়। সেই কোপে আজিজ গুরুতর আহত হয়ে রক্তক্ষরণ শুরু হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।
এবিষয়ে ডিমলা থানার অফিসার ইনচার্জ দেবাশীষ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনার পর থেকে নিহতের ছেলে নুর ইসলাম পালিয়েছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
