নীলফামারীর সৈয়দপুরে হোটেলে খাবারের সঙ্গে দুর্বৃত্তদের দেওয়া চেতনানাশক ওষুধ খেয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রমজান আলী (৩৪) নামে এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১ সেপ্টেম্বর) রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত বৃহস্পতিবার খাবারের সঙ্গে দুর্বৃত্তদের দেওয়া চেতনানাশক ওষুধ খাওয়ানো হয় তাকে।

নিহত রমজান আলী উপজেলার কামারপুকুর ইউনিয়নের আলোদ্দিপাড়া এলাকার হবিবুর রহমানের ছেলে।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে সৈয়দপুর থানায় হত্যা ও ছিনতাই মামলা করেছেন।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মত গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন রমজান। বিকেলে একটি রিকশায় করে বাড়ি ফেরেন তিনি। ফেরার পর‌ ‌‌‌‘হোটেলে খাবারের সঙ্গে কিছু খাইয়ে ইজিবাইক নিয়ে চলে গেছে দুর্বৃত্তরা’ এ কথা পরিবারের লোকজনকে বলেই অজ্ঞান হয়ে পড়েন রমজান। এরপর পরিবারের সদস্যরা তাকে স্থানীয় ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক রমজানকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে (রমেক) নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে রমেকে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে সৈয়দপুর থানায় একটি হত্যা ও ছিনতাই মামলা দায়ের করেছেন। দুর্বৃত্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।’

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *