রবিউল ইসলাম
নালিতাবাড়ী উপজেলা প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ীতে কর্মজীবী মহিলা হোস্টেল কাম ট্রেনিং সেন্টার থেকে কম্পিউটার, টেলিভিশন, জেনারেটরের যন্ত্রাংশ, বৈদ্যুতিক সরঞ্জামসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল চুরি হয়েছে। এ ঘটনায় সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে। এরমধ্যে গ্রেফতার করা হয়েছে ৪ জনকে। গত ১১ নভেম্বর নালিতাবাড়ী থানায় মামলাটি করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াছমীন। মামলায় দন্ড বিধির ৪৫৭ ও ৩৮০ ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, নালিতাবাড়ী শহরের থানা ও বালিকা বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবস্থিত কর্মজীবী মহিলা হোস্টেল কাম ট্রেনিং সেন্টারটির কার্যক্রম প্রায় দুই বছর ধরে বন্ধ রয়েছে। নিরাপত্তার জন্য সেখানে কোনো পাহারাদার নেই। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় ভবনের সিসি ক্যামেরাগুলোও অকার্যকর। এরই মাঝে বেশকিছুদিন ধরে সবার অজান্তে ওই হোস্টেল থেকে পর্যায়ক্রমে বিভিন্ন মালামাল চুরি হচ্ছিল। গত ১০ নভেম্বর পার্শ্ববর্তী এক বাসার আইপিএস এর ব্যাটারি চুরি হলে ওই ব্যাটারির সূত্র ধরে হোস্টেলে চুরির বিষয়টি সামনে আসে প্রতিবেশিদের।

পরদিন বৃহস্পতিবার সকালে এলাকাবাসীর মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি জানতে পারেন। খবর পেয়ে মহিলা বিষয়ক কর্মকর্তা ও তার কার্যালয়ের কর্মীরা সেখানে গিয়ে ভবনের বিভিন্ন কক্ষের দরজার তালা ভাঙা দেখতে পান। পরে কক্ষগুলো পরিদর্শন করে বিভিন্ন মালামাল চুরির বিষয়টি নিশ্চিত হন।

এজাহারে উল্লেখ করা হয়, চোরেরা ভবন থেকে ৬৪টি কম্পিউটার, ৪৮ ইঞ্চি একটি টেলিভিশন, ছয়টি এসি, সাবমার্সিবল পাম্প, জেনারেটরের তার ও ব্যাটারি, সাবস্টেশনের তার, আইপিএস, মিক্সার মেশিন, ইলেকট্রনিকস অ্যাসেম্বলি ও ইলেকট্রিক্যাল ট্রেড প্রশিক্ষণের সরঞ্জামসহ বিভিন্ন মালামাল নিয়ে গেছে। চুরি যাওয়া এসব মালামালের আনুমানিক মূল্য প্রায় ২০ লাখ টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় শামীম হাসান সাঈদ, শহিদুল ইসলাম শাহিন, আকরাম হোসেন, রিফাত, তানভীর আহমেদ, ভাঙারি ব্যবসায়ী মঞ্জুরুল ইসলাম ও জীবনসহ অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করা হয়েছে। ওই দিনই পুলিশ অভিযুক্তদের মধ্যে হতে চারজনকে গ্রেফতার এবং প্রায় ২ লাখ টাকার মালামাল উদ্ধার করেছে। তবে বাকী আসামীরা এখনো ধরাছোয়ার বাইরে। উদ্ধার হয়নি বেশিরভাগ মালামাল।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিজানুর রহমান জানান, গ্রেফতারকৃত চার জনের মধ্যে আকরাম হোসেন ও শামীম হাসান সাঈদ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বাকী দুইজনের ৫ দিন করে রিমান্ড আবেদন করা হয়েছে। অন্যদের গ্রেফতার এবং মালামাল উদ্ধারে তৎপরতা রয়েছে বলে জানান তিনি।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *