মোঃ ইমরান হোসেন
ময়মনসিংহ
জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ২০২৩ উপলক্ষে আজ সকাল ১০ টায় শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আয়োজনে এক এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।
সপ্তাহ উপলক্ষে আগামী ৪ জুন থেকে ১০ জুন সিটি এলাকার ৫ থেকে ১৬ বছর বয়সী বিদ্যালয়গামী ও বিদ্যালয় বহির্ভূত ১ লক্ষ ১৫ হাজার শিশুকে কৃমিনাশক ঔষধ সেবন করানো হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু। এ সময় তিনি বলেন, স্কুলের শিক্ষার্থীদের পাশাপাশি স্কুল বর্হিভূত শিশুদের কৃমিনাশক ঔষধ খাওয়ানোর বিষয়ে গুরুত্ব দিতে হবে। এজন্য সুনির্দিষ্ট পরিকল্পনামাফিক কাজ করতে হবে। বিশেষ ক্যাম্পেইন, মসজিদ, সামাজিক যোগাযোগ মাধ্যম ইত্যাদি মাধ্যমে প্রচারণা করে তাদেরকে সচেতন করতে হবে, যেন তারা সপ্তাহ চলাকালে পাশ্ববর্তী স্কুলে গিয়ে এ ঔষধ গ্রহণ করে।
মেয়র আরও জানান, স্কুলের শিক্ষার্থীরা যেন কৃমি নাশক ঔষধ সেবনের দিন ভরা পেটে আসে সে বিষয়ে তাদেরকে সপ্তাহ শুরুর আগেই সচেতন করতে হবে। এ বিষয়ে শিক্ষকদের ভূমিকা পালন করতে হবে।
সভার সভাপতিত্ব করেন মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী এবং বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন ময়মনসিংহে সিভিল সার্জন মোঃ নজরুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ। এ অনুষ্ঠানে ময়মনসিংহ জিলা স্কুলের প্রধান শিক্ষিকা, ময়মনসিংহ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা, বিভিন্ন এনজিও প্রতিনিধি, মসিকের নগর স্বাস্থ্য কেন্দ্র ও নগর মাতৃসদনের ডাক্তারবৃন্দ, মসিক স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারিবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
