মো:নাসির উদ্দিন
স্টাফ রিপোর্টার
রাজশাহীর মোহনপুরে ঘন ঘন ও দীর্ঘস্থায়ী লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ। দিনের পাশাপাশি রাতেও দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে শিশু, শিক্ষার্থী, বয়স্ক ব্যক্তি ও ব্যবসায়ীদের। বিশেষ করে প্রচণ্ড গরমে শিশুদের নিয়ে বিপাকে পড়েছেন অভিভাবকেরা।
স্থানীয়দের অভিযোগ, সাম্প্রতিক সময়ে মোহনপুরে এত ঘন ঘন ও দীর্ঘস্থায়ী বিদ্যুৎ বিভ্রাট তারা খুব কমই দেখেছেন। কখন বিদ্যুৎ আসবে, আবার কখন চলে যাবে—এ নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় অনেক সময় পুরো এলাকা অন্ধকারে ডুবে যাচ্ছে।
বিদ্যুৎ বিভ্রাটের কারণে সবচেয়ে বেশি ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনা। সামনে বিভিন্ন পরীক্ষা থাকায় পড়াশোনার মারাত্মক ক্ষতি হচ্ছে। পাশাপাশি প্রচণ্ড গরমে শিশু ও বয়স্কদের স্বাস্থ্যঝুঁকি ও দুর্ভোগ উভয়ই বেড়েছে। বিদ্যুৎনির্ভর ব্যবসা-বাণিজ্য, কোল্ড স্টোরেজ, সেচ কার্যক্রম, অনলাইনভিত্তিক কাজ, মোবাইল ও অন্যান্য ডিভাইস চার্জসহ দৈনন্দিন জীবনযাত্রায়ও এর নেতিবাচক প্রভাব পড়ছে।
উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দারা জানান, বিদ্যুৎ সরবরাহের এমন পরিস্থিতিতে স্বাভাবিক জীবনযাপন অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে রাতে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ঘুমাতে না পেরে শিশু ও বয়স্কদের কষ্ট চরমে পৌঁছায়।
স্থানীয়দের দাবি, লোডশেডিংয়ের প্রকৃত কারণ দ্রুত কর্তৃপক্ষকে জনাতে হবে এবং বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। একই সঙ্গে অযৌক্তিক ও দীর্ঘস্থায়ী বিদ্যুৎ বিভ্রাট বন্ধ করে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন তারা।
দীর্ঘ সময় বিদ্যুৎবিহীন অবস্থায় থাকায় মোহনপুরের জনজীবন ক্রমেই অসহনীয় হয়ে উঠছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী সাধারণ মানুষ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *