রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকা, ইউনিয়ন পর্যায় এবং স্থানীয় গুরুত্বপূর্ণ বাজারগুলোতে আওয়ামী লীগের কর্মী ও ক্যাডার বাহিনীর গোপন তৎপরতা বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ করেছেন সাধারণ এলাকাবাসী। ছাত্র-জনতার অভ্যুত্থান-পরবর্তী বর্তমান সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতিতে কোনো ধরনের বিশৃঙ্খলা ও অপতৎপরতা রুখতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অনতিবিলম্বে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ ও প্রশাসনিক পদক্ষেপের দাবি উঠেছে।
স্থানীয় সূত্রে ও সরেজমিনে পাওয়া তথ্যে জানা যায়, গোদাগাড়ী থানার বিভিন্ন বাজারের মোড়, চা-দোকান ও জনসমাগমস্থলে গা ঢাকা দিয়ে থাকা বা সুযোগসন্ধানী কিছু কর্মী ও চিহ্নিত ক্যাডার নিয়মিত আড্ডা জমাচ্ছে। সাধারণ মানুষের সঙ্গে মিশে তারা রাজনৈতিক আড্ডার অন্তরালে গোপনে নতুন কোনো অপপরিকল্পনা বা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির নীল নকশা করছে বলে অভিযোগ স্থানীয়দের। দিনে কিংবা রাতের বেলায় এসব আড্ডায় এমন কিছু ব্যক্তির উপস্থিতি দেখা যাচ্ছে, যারা বিগত দিনে নানা অপকর্ম ও সাধারণ মানুষের ওপর নিপীড়নের সাথে জড়িত ছিল।
অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও এই গোষ্ঠীর তৎপরতা আশঙ্কাজনকভাবে বেড়েছে। বিভিন্ন আইডি ও পেজ থেকে প্রকাশ্য বা ছদ্মবেশে উসকানিমূলক পোস্ট, সরকারের বিরুদ্ধে অপপ্রচার এবং বিভ্রান্তিকর মন্তব্য ছড়ানো হচ্ছে। এ ধরনের পোস্ট ও মন্তব্যের মাধ্যমে সাধারণ জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে এবং নতুন করে সামাজিক অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চালানো হচ্ছে বলে এলাকাবাসী অভিযোগ করেছেন।
স্থানীয় বাসিন্দারা ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে জানান, অনলাইনে প্রচার ও বাস্তবে বাজারে বাজারে এমন সন্দেহজনক আড্ডা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এবং অপরাধীদের দমন করতে পুলিশ প্রশাসনকে অবিলম্বে কঠোর অবস্থান গ্রহণ করতে হবে।
এলাকাবাসীর দাবি, যারা সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও উসকানি ছড়াচ্ছে, তাদের আইপি সাইবার নজরদারির মাধ্যমে শনাক্ত করতে হবে। একই সাথে যেসব স্থানে নিয়মিত সন্দেহজনক আড্ডা বা গোপন বৈঠক হচ্ছে, সেখানে তাৎক্ষণিক পুলিশি অভিযান চালুর জোর দাবি জানান তারা। শান্তিকামী সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং কোনো ধরনের ষড়যন্ত্র বা বিশৃঙ্খলা সৃষ্টির আগেই জড়িতদের অনতিবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য উপজেলা প্রশাসন ও গোদাগাড়ী থানা পুলিশের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *