মোঃ ইমরুল আহসান
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন অসাম্প্রদায়িক চেতনা ও অন্যান্য মানবিক গুণাবলীর সমন্বয়ের এক অনন্য মানুষ। অর্থনৈতিক সমতায় বিশ্বাসী বঙ্গবন্ধুকে জানতে হলে বাঙালি ও বাংলাদেশের ইতিহাসকে জানতে হবে।

শনিবার বঙ্গভবনের দরবার হলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের ওপর নির্মিত অ্যানিমেশন মুভি ‘মুজিব ভাই’ প্রদর্শনের পূর্বে এ কথা বলেন রাষ্ট্রপ্রধান।

রাষ্ট্রপতি বলেন, ‘জীবন-কর্ম, ত্যাগ, তিতিক্ষা সবগুলো মানবীয় গুণাবলীর সমন্বয়ে বঙ্গবন্ধু ছিলেন একজন অনন্য বাঙালি। বঙ্গবন্ধুর গণতান্ত্রিক মূল্যবোধ- ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা অর্জন পর্যন্ত বিভিন্ন ধাপের সবগুলো গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে আত্মপ্রকাশ লাভ করে, তাঁকে করে তুলেছিল- অসাম্প্রদায়িক চেতনা ও অন্যান্য মানবিক গুণাবলীর সমন্বয়ের এক অনন্য মানুষ।

তিনি বলেন, বঙ্গবন্ধুর চরিত্রের বিভিন্ন নাটকীয়তা, মানবিক গুণাবলী, তাঁর শৈশব ও কৈশোরের মানবিক কর্মকান্ড সবকিছুর সমন্বয়ে বঙ্গবন্ধু ছিলেন এক অনন্য বাঙালি। আমি জাতির পিতাকে নিয়ে গর্ববোধ করি। অর্থনৈতিক সমতায় বিশ্বাসী বঙ্গবন্ধু মুজিবকে জানতে হলেও বাঙালি ও বাংলাদেশের ইতিহাসকে জানতে হবে।

রাষ্ট্রপতি আশা করেন যে, আইসিটি বিভাগ নির্মিত ছবিটি বঙ্গবন্ধু ও বাংলাদেশের ইতিহাস বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে সক্ষম হবে। এই ছবিকে তিনি ‘ডিজিটাল বাংলাদেশ’ থেকে ‘স্মার্ট বাংলাদেশে’ রূপান্তরের একটি প্রয়াস হিসেবে উল্লেখ করে ছবির কলাকুশলীসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

তিনি আশা করেন যে আইসিটি বিভাগ তাদের নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবন, প্রসার ও ব্যবহারের মাধ্যমে বঙ্গবন্ধু, বাঙালি ও বাংলাদেশের ইতিহাসকে তুলে ধরতে নিরবচ্ছিন্ন প্রয়াস চালাবেন এবং বিশ্ব দরবারে বাংলাদেশকে একটি উন্নত ও স্মার্ট দেশ হিসাবে প্রতিষ্ঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে রাষ্ট্রপতির সহধর্মিনী অধ্যাপক ড. রেবেকা সুলতানা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, রাষ্ট্রপতির কার্যালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *