মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি
রংপুর মহানগর পুলিশের (আরপিএমপি) হাজীরহাট থানা এলাকায় মাদকবিরোধী অভিযানে ৫ পুরিয়া হেরোইনসহ মোঃ দুখু মিয়া (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে হাজীরহাট থানাধীন ১১ নম্বর ওয়ার্ডের পক্ষীফান্দা গ্রামের মোঃ লাবুর মাছের হ্যাচারির সামনে পাকা সড়কের ওপর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, উপ-পুলিশ কমিশনার (অপরাধ), আরপিএমপি, রংপুরের নির্দেশনা এবং হাজীরহাট থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে থানা এলাকায় ওয়ারেন্ট তামিল, মাদকদ্রব্য উদ্ধার ও দিবাকালীন মোবাইল ডিউটি পরিচালনা করা হচ্ছিল। এ সময় সন্দেহভাজন ওই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
উদ্ধার করা হেরোইনের মোট ওজন ০.০৭৫ গ্রাম। পুলিশের হিসাব অনুযায়ী, উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য ১ হাজার টাকা।
গ্রেফতারকৃত দুখু মিয়া রংপুরের হাজীরহাট মেট্রোপলিটন থানাধীন শালমারা এলাকার মোঃ সাইফুল ইসলামের ছেলে।
এ ঘটনায় আরপিএমপি হাজীরহাট থানায় এফআইআর নং-০৩/৯০, তারিখ ৬ সেপ্টেম্বর ২০২৬ দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ৮(ক) ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
স্থানীয়দের মতে, মাদকের বিস্তার রোধে পুলিশের নিয়মিত অভিযান ও তৎপরতা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এমন ধারাবাহিক অভিযানকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল।
পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
