ইমরুল আহসান
আগামী সোমবার থেকে সারা দেশে ‘ভূমি সেবা সপ্তাহ-২০২৩’ শুরু হবে। এ বছরের ভূমি সেবা সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়।’
আগামী ২২মে সারাদেশে বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকরা নিজ নিজ অধিক্ষেত্রে স্থানীয়ভাবে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করবেন।
দেশের ৮টি বিভাগ, ৬৪টি জেলা এবং ৫০৭টি উপজেলা, রাজস্ব সার্কেল, ইউনিয়ন ও পৌর ভূমি অফিসে ২২ মে থেকে ২৮ মে পর্যন্ত কার্যক্রম চলবে।
দেশের প্রতিটি জেলা, উপজেলা ও ইউনিয়নের সংশ্লিষ্ট ভূমি অফিসে, স্থানীয় সম্মেলন কক্ষে কিংবা সুবিধাজনক স্থানে ক্যাম্প করে সেবা বুথ স্থাপন করা হবে।বুথে অগ্রাধিকার ভিত্তিতে প্রযোজ্য ভূমি সেবা দেওয়া হবে, ভূমিসেবা বিষয়ে অবহিত করা ও পরামর্শ সেবা দেওয়া হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধন করা স্মার্ট ভূমিসেবার মূল অংশীজন হিসেবে দেশের জনগণকে সম্পৃক্ত করা, স্মার্ট ভূমিসেবা বিষয়ে সকলকে পুঙ্খানুপুঙ্খভাবে অবগত করা ও ভূমি সেবা পাওয়ার ক্ষেত্রে নিজ নাগরিক অধিকারের ব্যাপারের সকলের মধ্যে সচেতনতা বৃদ্ধি করাই এ বছরের ভূমি সেবা সপ্তাহের মূল লক্ষ্য।
এ বছরের ভূমি সেবা সপ্তাহে ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর, ডাকযোগে সার্টিফাইড খতিয়ান ও ম্যাপ এবং ১৬১২২ নম্বরে কল সেন্টারের মাধ্যমে ভূমিসেবা প্রদানে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।এছাড়াও ‘রেজিস্ট্রেশন-মিউটেশন আন্ত:সংযোগ’, ‘স্মার্ট ভূমি নকশা’, ‘স্মার্ট ভূমি রেকর্ড’ ও ‘স্মার্ট ভূমি-পিডিয়া’সহ স্মার্ট ভূমিসেবা স্থাপনে মন্ত্রণালয়ের পরিকল্পনার ব্যাপারে সম্যক ধারণা প্রদান করা হবে।
