১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশের ইতিহাসে সংযোজিত হয়েছিল এক কলঙ্কজনক অধ্যায়। মুক্তিযুদ্ধে আমাদের বিজয়ের প্রাক্কালে দখলদার পাকিস্তানি বাহিনী ও তার দোসররা পরাজয় নিশ্চিত জেনে মেতে ওঠে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে। প্রতিহিংসার বশবর্তী হয়ে তারা হত্যা করে জাতির অনেক কৃতী সন্তানকে। এ হত্যাযজ্ঞের একটি বড় উদ্দেশ্য ছিল স্বাধীনতা লাভ করতে যাওয়া বাঙালি জাতিকে মেধাশূন্য করে ফেলা।
জেলা পুলিশ, টাঙ্গাইল কর্তৃক শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৩ বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করা হয়। দিবসটি উপলক্ষে টাঙ্গাইল জেলা পুলিশের পক্ষ থেকে টাঙ্গাইল শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে, বধ্যভূমি স্মৃতিস্তম্ভে এবং শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে দেশের জন্য জীবন উৎসর্গকারী সকল শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন সরকার মোহাম্মদ কায়সার, পুলিশ সুপার, টাঙ্গাইল (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত)। পুষ্পস্তবক অর্পণ শেষে সকল শহীদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় টাঙ্গাইল জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
