মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার

রাজশাহীর মোহনপুর উপজেলার ওপর দিয়ে প্রবাহিত বারনই নদীতে অবৈধভাবে সুতি জাল ও বাঁশের ব্যারিকেট দিয়ে বাঁধ নির্মাণ করে মাছ শিকারের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। নদী রক্ষা এবং দেশীয় প্রজাতির মাছের বংশবিস্তার ও প্রাকৃতিক জীববৈচিত্র্য সুরক্ষায় এই অভিযান চালানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি অসাধু ও প্রভাবশালী চক্র নদী আইন অমান্য করে বারনই নদীর বিভিন্ন পয়েন্টে আড়াআড়িভাবে বাঁধ ও নিষিদ্ধ সুতি জাল ফেলে মাছ শিকার করে আসছিল। এর ফলে নদীর স্বাভাবিক পানিপ্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি অবাধে ধ্বংস হচ্ছিল নানা প্রজাতির দেশীয় মাছের পোনা ও জলজ প্রাণীবৈচিত্র্য। সাধারণ মৎস্যজীবীরা এর প্রতিবাদ করেও প্রভাবশালী মহলের কারণে কুলিয়ে উঠতে পারছিলেন না।
এমন সংবাদ পেয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে নদীর বিভিন্ন পয়েন্টে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নদীর বুকজুড়ে দেওয়া অবৈধ সুতি জালের বাঁধ, বাঁশের ঘের ও বিভিন্ন ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় নদীর পানি চলাচলের পথ বাধামুক্ত করা হয় এবং জব্দকৃত অবৈধ জাল ও সরঞ্জামাদি ধ্বংস করা হয়।
অভিযান পরিচালনাকারী কতৃপক্ষ জানান, উন্মুক্ত জলাশয়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কোনো ধরনের অবৈধ জালের ব্যবহার বা নদী দখল বরদাস্ত করা হবে না। নদীকে দখল ও দূষণমুক্ত রাখতে এবং এর স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসনের এ ধরনের তদারকি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
এদিকে প্রশাসনের সময়োপযোগী এই কঠোর পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল, পরিবেশবাদী ও সাধারণ মৎস্যজীবীরা। তাদের প্রত্যাশা, এই অভিযানের ফলে বারনই তার হারানো প্রবাহ ও প্রাণচাঞ্চল্য ফিরে পাবে এবং দেশীয় মাছের বংশবৃদ্ধি নিশ্চিত হবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *