স্থানীয় প্রতিনিধি
ফরিদপুর সদর আসনের সংসদ সদস্য ও হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ.কে. আজাদ বলেছেন, শিশু-কিশোরদের মেধা বিকাশে খেলাধুলার কোন বিকল্প নেই।
মঙ্গলবার বেলা ১১ টায় ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব প্রাইমারী স্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।
এর আগে তিনি সদর উপজেলার গেরদা ইউনিয়নের এম. এ. আজিজ উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে পায়রা ও বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন ।
উদ্বোধনী অনুষ্ঠা‌নে প্রধান অতিথি বক্তব্যে তিনি অভিভাবকদের উদ্যেশ বলেন, শিশু-কিশোরদের হাতে যে কোনো ধরণের ডিভাইসের পরিবর্তে খেলাধুলার সামগ্রী তুলে দেন।
এতে তাদের মেধার বিকাশ হবে। দেশের ভবিষ্যত মানবসম্পদ বৃদ্ধি পাবে।
তিনি এসময় তার আসনের সকল শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার প্রতি বিশেষ গুরুত্ব দিতে বলেন এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার জন্য ব্যাক্তিগত ভাবে আর্থিক সহায়তা প্রদানের ঘোষনা দেন তিনি।
তিনি বলেন, খেলাধুলা শরীরের সুস্বাস্থ্য বজায় রাখে, খারাপ কাজ থেকে বিরত রাখে। আপনারা শিক্ষকরা আপনাদের শিক্ষার্থীদের খেলাধুলার জন্য উৎসাহী করবেন, বোঝাবেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না তাসনীমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠা‌নে অন‌্যদের ম‌ধ্যে বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা নার্গিস জাফরীন, গেরদা ইউনিয়নের চেয়ারম্যান শাহ মো. এমার হক।
উদ্বোধনী ম্যাচে গেরদা ইউনিয়নের নিখুরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম কৈজুরী ইউনিয়নের তুলাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মু‌খোমু‌খি হয়।
এসময় সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাসুদা বেগম বুলু, ডিক্রিরচর ইউনিয়ন চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টু প্রমুখ উপ‌স্থিত ছি‌লেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *