আরিফ রব্বানী
ময়মনসিংহ
ময়মনসিংহ সদরে দেশব্যাপী চলমান ফ্যামিলি কার্ড কর্মসূচি-২০২৬-এর আওতায় মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ ও নির্ভুলভাবে সম্পন্ন করার লক্ষ্যে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ নভেম্বর) দুপুরে ৪টয় সদর উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ।
উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম এর সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা আসাদুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠানে
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের কাজে নিয়োজিত কর্মীদের সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন। তিনি বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচির সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে নির্ভুল তথ্য সংগ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জরিপের সময় কোনো প্রকৃত অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবার যেন বাদ না পড়ে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে। একই সঙ্গে তথ্য সংগ্রহে কোনো ধরনের অনিয়ম, পক্ষপাতিত্ব বা ভুল তথ্য প্রদান থেকে বিরত থাকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সভাপতির বক্তব্যে আরিফুল ইসলাম বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম স্বচ্ছ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় তদারকি করা হচ্ছে। মাঠপর্যায়ে দায়িত্ব পালনকালে তথ্য সংগ্রহকারীরা যেন যথাযথ প্রশাসনিক সহযোগিতা পান, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি তথ্যের নির্ভুলতা নিশ্চিত করা এবং দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা বা অনিয়ম না করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি।
এসময় তথ্য সংগ্রহকারীরা তথ্য সংগ্রহের কাজে গিয়ে তথ্যদাতাদের মোবাইল নাম্বার সিম রেজিষ্ট্রেশন, জাতীয় পরিচয় পত্র,জন্ম নিবন্ধনসহ বিভিন্ন তথ্যে সমস্যা থাকার বিষয়ে এবং কারো এগুলো করা না থাকার বিষয়ে সমস্যা গুলো তুলে ধরলে জাতীয় সংসদ সদস্য সদস্য তার বক্তব্যে এসব বিষয় সুষ্ঠু সমাধানসহ তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের ছাতা ও ব্যাগ দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সভায় স্বাগত বক্তব্যে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আসাদুজ্জামান কর্মসূচির উদ্দেশ্য, তথ্য সংগ্রহের পদ্ধতি এবং মাঠপর্যায়ের কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন। কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিবারভিত্তিক তথ্য সংগ্রহের মাধ্যমে একটি নির্ভরযোগ্য তথ্যভান্ডার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় জনাব মোঃ রাজু আহমেদ, উপপরিচালক, জেলা সমাজসেবা কার্যালয় ময়মনসিংহ, জনাব ফারজানা আনসারি, সহকারি পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয় ময়মনসিংহ ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণ্যমান্য ব্যক্তি এবং ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহে নিয়োজিত সুপারভাইজার ও কর্মীরা উপস্থিত ছিলেন।
ফ্যামিলি কার্ডের বিষয়ে আলোচনা সভা শেষে সদর উপজেলার ঘাগড়া ও খাগডহর দুই ইউনিয়নে অসচ্ছল অসহায় পরিবারের জন্য জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে সরকারি ঘর উপহার হিসাবে উদ্বোধন করেন।
