সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ
বিরোধ নিষ্পত্তিতে দেশজুড়ে প্রথম অবস্থানে ময়মনসিংহ জেলা লিগ্যাল এইড অফিস, ক্ষতিগ্রস্ত ও সংশ্লিষ্ট পক্ষগুলো পেয়েছেন ১৩ কোটি ৬৯ লাখ ৬২ হাজার ৩১০ টাকা।
বিনামূল্যে আইনি সহায়তা প্রদান এবং বিরোধ নিষ্পত্তির মাধ্যমে বিচারপ্রার্থীদের দুর্ভোগ কমাতে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে ময়মনসিংহ জেলা লিগ্যাল এইড অফিস। চলতি ২০২৬ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত মাত্র ১০ মাসে প্রতিষ্ঠানটির মাধ্যমে মোট ৭ হাজার ৮৩৬টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। একই সময়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর অনুকূলে ক্ষতিপূরণ ও পাওনা বাবদ আদায় করে দেওয়া হয়েছে ১৩ কোটি ৬৯ লাখ ৬২ হাজার ৩১০ টাকা, যা প্রায় পৌনে ১৪ কোটি টাকা।
প্রাপ্ত তথ্যমতে, স্বল্প সময়ে বিপুলসংখ্যক মামলা নিষ্পত্তি এবং উল্লেখযোগ্য পরিমাণ অর্থ আদায়ের মাধ্যমে ময়মনসিংহ জেলা লিগ্যাল এইড অফিস আইনি সেবা কার্যক্রমে গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছে। বিরোধ নিষ্পত্তিতে ময়মনসিংহ জেলা লিগ্যাল এইড অফিস বরাবরের মতোই সারা দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
লিগ্যাল এইড কার্যক্রমের মূল লক্ষ্য হলো আর্থিক অসচ্ছলতা, অসহায়ত্ব কিংবা বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে যারা ন্যায়বিচার থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায় থাকেন, তাদের বিনামূল্যে আইনি সহায়তা নিশ্চিত করা। পাশাপাশি বিকল্প বিরোধ নিষ্পত্তি বা মধ্যস্থতার মাধ্যমে মামলা দ্রুত নিষ্পত্তি করে বিচারপ্রার্থীদের সময়, অর্থ ও ভোগান্তি কমানো।
১০ মাসে ৭ হাজার ৮৩৬টি মামলা নিষ্পত্তি এবং প্রায় ১৪ কোটি টাকা আদায় করে দেওয়ার এ পরিসংখ্যান ময়মনসিংহে সরকারি আইনগত সহায়তা কার্যক্রমের ব্যাপকতা ও গুরুত্ব তুলে ধরেছে।
সংশ্লিষ্টদের মতে, এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে সাধারণ মানুষের আইনি অধিকার প্রতিষ্ঠা, পারিবারিক ও সামাজিক বিরোধ নিরসন এবং আদালতের মামলাজট কমাতে ইতিবাচক ভূমিকা রাখবে।
ময়মনসিংহ জেলা লিগ্যাল এইড অফিসের এ অর্জন সাধারণ মানুষের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দেওয়ার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।
