নীলফামারীর সৈয়দপুরে বাবার সঙ্গে গরু-ছাগল দেখতে গিয়ে ইজিবাইক উল্টে দিপু চন্দ্র (৫) নামে এক শিশু নিহত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরের দিকে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের জিয়ার বাজার এলাকায় এ দু*র্ঘটনা ঘটে।
নিহত দিপু জিয়ার বাজার সংলগ্ন ডাক্তারপাড়া এলাকার মানিক চন্দ্র দাসের ছেলে।
এ ঘটনায় ইজিবাইক চালককে স্থানীয়রা আটক করলেও পরে কৌশলে সেখান থেকে তিনি পালিয়ে যান।
নিহত দিপুর বাবা মানিক চন্দ্র জানান, বাড়ি সংলগ্ন সড়কের পাশে পতিত এক জমিতে গরু-ছাগল বাধা ছিল। দিপু আমার সঙ্গে সেই গরু-ছাগল দেখতে যায়।
ফেরার সময় দৌড় দিয়ে সে রাস্তা পার হচ্ছিল। এ সময় দ্রুতগতির একটি ইজিবাইক ব্রেক কষলে সেটি উল্টে দিপুর ওপর পড়ে।
এতে তার নাক ও মুখ দিয়ে প্রচণ্ড রক্তক্ষরণ হয়। স্থানীয়দের সহযোগিতায় ছেলেকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যাই। পরে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা করে দিপুকে মৃত ঘোষণা করে।
সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা নাজমুল হুদা বলেন, হাসপাতালে নেওয়ার আগেই শিশুটির মৃত্যু হয়।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
