হারুন উর রশীদ
বকশীগঞ্জ জামালপুর প্রতিনিধি
স্বাধীনতার ৫৬ বছর পার হলেও একটি ব্রিজের অভাবে জামালপুরের বকশীগঞ্জে চরম ভোগান্তি দুর্ভোগে রয়েছেন ৫ গ্রামের প্রায় ১৫ হাজার মানুষ। সাধুরপাড়া ইউনিয়নের বিলেরপাড় খালের ওপর একটি ব্রিজ নির্মাণ না হওয়ায় প্রতিদিন দুর্ভোগের শিকার হচ্ছেন কৃষক, শ্রমিক, শিক্ষার্থী, ভ্যান চালক সহ সাধারণ মানুষ। বিলের পাড় খালের ওপর একটি নির্মাণ হলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সহ পাল্টে যাবে আর্থসামাজিক অবস্থা। কিন্তু বার বার আবেদন করেও এই খালের ওপর ব্রিজ নির্মাণ হয়নি। সংশ্লিষ্ট কর্তপক্ষ বলছেন অগ্রাধিকার ভিত্তিতে ব্রিজ নির্মাণে প্রস্তাবনা পাঠানো হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জানা গেছে, বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের বিলেরপাড় গ্রামের মাঝখানে রয়েছে ছোট একটি খাল। বিলেরপাড় গ্রামকে বিভক্ত করে রেখেছে এই খালটি। এই খালটির কারণে যত দুর্ভোগ পোহাতে হচ্ছে সর্বসাধারণকে। খালটির দুই মাথায় রয়েছে রাস্তা। এই রাস্তা দিয়ে চলাচল করেন বিলেরপাড়, ডেরুরবিল, বাংগালপাড়া, বালুরগ্রাম, কুতুবের চর গ্রামের ১৫ হাজার মানুষ। বছরের বেশিরভাগ সময় এই খালটিতে পানি জমে থাকায় নানা পেশার মানুষকে দুর্ভোগে পড়তে হয়। এই খাল পার হয়ে প্রতিদিন কোমলমতি শিক্ষার্থীদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হয়। বর্ষার সময় নৌকা আর শুকনো মওসুমে ধান ক্ষেত মাড়িয়ে গন্তব্যে যেতে হয় স্থানীয় এলাকাবাসীসহ ৫ গ্রামের পথচারীদের। বিশেষ করে কৃষকদের চরম ভোগান্তিতে পড়তে হয় তাদের উৎপাদিত ফসল নিয়ে। ব্রিজ না থাকায় প্রায় তিন কিলোমিটার ঘুরে বাড়িতে নিয়ে আসতে হয় ফসল গুলো। খালের পশ্চিম পাশে অবস্থিত বিলেরপাড় গ্রামের বসবাসকারী অটো চালক, মোটরসাইকেল ও ব্যবসায়ীদের ৩ কিলোমিটার ঘুরে যতে হচ্ছে। বার বার স্থানীয় প্রশাসনের নিকট দাবি জানিয়েও কোন লাভ হয়নি।
বিশেষ করে গর্ভবতী নারীদের সন্তান প্রসবের জন্য হাসপাতালে পৌঁছাতে অনেক ভোগান্তি পোহাতে হয়।
ফলে ৫৬ বছর ধরে একটি ব্রিজের অপেক্ষার প্রহর গুণছেন এই এলাকার মানুষ।
স্থানীয়দের দাবি এই খালের ওপর একটি ব্রিজ নির্মিত হলে জনভোগান্তি যেমন কমে যাবে তেমনি গ্রামীণ অর্থনীতির গতি সঞ্চার হবে। সেই সঙ্গে বদলে যাবে এই জনপদের মানুষের যোগাযোগ ব্যবস্থা।
তাই বিলেরপাড় খালের ওপর দ্রুত একটি ব্রিজ নির্মাণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
বিলেরপাড় গ্রামের কৃষক আক্কাস আলী বলেন, আমাদের সকল আবাদ হয় বিলের পশ্চিম পাশে। ফসল ঘরে তুলতে হলে বিলের পানি বেয়ে নিয়ে যেতে হয়। এখানে একটি ব্রিজ নির্মিত হলে কৃষকদের ভোগান্তি কমে যাবে।
এই গ্রামের ছাত্তার মিয়া বলেন, জুমার নামাজ পড়তে বিলের পূর্ব পাশে জামে মসজিদে যেতে হয়। বর্ষার সময় নৌকা দিয়ে পার হয়ে মসজিদে যেতে হয়।
পল্লী চিকিৎসক হযরত আলী বলেন, এমপি , মন্ত্রীসহ অনেক সরকার পরিবর্তন হলেও অনুন্নত বিলেরপাড় গ্রামে কোন উন্নয়ন হয়নি। এমনকি এই গ্রামের রাস্তাটি বন্যায় বিধ্বস্ত হলেও তা নতুন করে নির্মাণ করা হয়নি। জনদুর্ভোগ লাঘবে বিলেরপাড় খালের ওপর ব্রিজ নির্মাণ সহ রাস্তাটি দ্রুত মেরামত করা প্রয়োজন।
এব্যাপারে এলজিইডির বকশীগঞ্জ উপজেলা প্রকৌশলী হাফিজুল ইসলাম জানান, খোঁজ নিয়ে দেখেছি এই খালের ওপর একটি ব্রিজ নির্মাণ প্রয়োজন। ব্রিজটি নির্মাণ হলে জনগণের কষ্ট দূর হবে। তাই দ্রুত ব্রিজ নির্মাণে প্রস্তাবনা পাঠানোসহ এলজিইডির পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
