রবিউল ইসলাম
নালিতাবাড়ী উপজেলা প্রতিনিধি 
শেরপুরের নালিতাবাড়ীতে বিয়ের ছয় দিনের মাথায় লিমা আক্তার (২০) নামে এক নববধূর মৃত্যু হয়েছে। তাঁকে নির্যাতন করে হত্যার অভিযোগ তুলেছেন লিমার স্বজনেরা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী একরামুল ও শাশুড়ি ফরিদা বেগমকে আটক করেছে নালিতাবাড়ী থানা পুলিশ।
বুধবার ভোররাতে নালিতাবাড়ী উপজেলার রূপনারায়নকুড়া ইউনিয়নের পাইখাতলা গ্রামে এ ঘটনা ঘটে। স্বজনদের অভিযোগ, বাবার বাড়ি থেকে পাঠানো জিনিসপত্র পছন্দ না হওয়ায় বিরোধের জেরে লিমাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে।
তবে স্বামী একরামুলের দাবি, ঘরের বাইরে গিয়ে তিনি স্ত্রীকে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
নালিতাবাড়ী থানার পুলিশ জানিয়েছে, নববধূর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
