রবিউল ইসলাম
নালিতাবাড়ী উপজেলা প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ীতে রিমা আক্তার (১৪) নামের চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের আন্ধারুপাড়া গ্রামে নানার বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ।
রিমা আন্ধারুপাড়া গ্রামের মৃত রিপন মিয়ার দ্বিতীয় মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, রিমার ছোটবেলায় তাঁর বাবা দুর্ঘটনায় মারা যান। এরপর মা জহুরা বেগম তিন মেয়েকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করছিলেন। তিন বোনের মধ্যে রিমা ছিলেন দ্বিতীয়। তিনি গ্রামের একটি ব্র্যাক স্কুলে চতুর্থ শ্রেণিতে পড়তেন।
পরিবার ও স্থানীয় সূত্রের ভাষ্য, সম্প্রতি রিমার বিয়ের জন্য পরিবার থেকে আলোচনা চলছিল। তবে রিমা এতে রাজি ছিলেন না। তিনি প্রতিবেশী এক তরুণকে পছন্দ করতেন বলে পরিবারের সদস্যরা জানান।
পুলিশের বরাত দিয়ে জানা যায়, মৃত্যুর আগে রিমা হাতে লেখা একটি চিরকুট রেখে যান। সেখানে তিনি মায়ের কাছে ক্ষমা চেয়েছেন এবং তাঁর মৃত্যুর জন্য কাউকে দায়ী না করার কথা লিখেছেন। চিরকুটে নিজের পছন্দের ব্যক্তিকে বিয়ে করতে না পারা নিয়ে হতাশার কথাও উল্লেখ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, ঘটনাস্থল থেকে রিমার মরদেহ ও একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

