আব্দুল মতিন মাসুদ
ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গামারীতলা ইউনিয়নের লাঙ্গলজোড়া গ্রামে ধানক্ষেত থেকে ইউপি সদস্য ফজলুল হকের ভাই নজরুল ইসলামের মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তিনি আদালতে হত্যার ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, লাঙ্গলজোড়া গ্রামের শহিদুল ইসলামের স্ত্রীর সঙ্গে নজরুল ইসলামের পরকীয়া সম্পর্ক ছিল বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। ঘটনার দিন রাতে নজরুল ওই নারীর বাড়িতে যান। সেখানে তাদের মধ্যে ব্যক্তিগত বিষয় নিয়ে কথা কাটাকাটি ও বিরোধের সৃষ্টি হয়।

একপর্যায়ে ওই নারী পাশে থাকা কোদালের হাতল দিয়ে নজরুল ইসলামের মাথায় আঘাত করেন বলে পুলিশের তদন্তে জানা যায়। পরে নজরুল ইসলাম ওই বাড়ি থেকে বের হয়ে যান। আহত অবস্থায় রাস্তার পাশের ধানক্ষেতে পড়ে গিয়ে তার মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় ওই নারীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে আদালতে হাজির করা হলে তিনি হত্যাকাণ্ডের সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে জবানবন্দি দেন।

ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ইতোমধ্যে গ্রেপ্তার নারী আদালতে হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *