দিনাজপুরের বিরলের গোবিন্দপুর গ্রামে গড়ে তোলা হয়েছে পেঁয়াজবীজের খেত। প্রথম বছরেই পেঁয়াজবীজ বিক্রি করে দুই কৃষকের চার লাখ টাকা লাভ হয়েছে।
দিগন্তজোড়া পেঁয়াজের খেত। ১১ বিঘা জমিতে পেঁয়াজবীজের খেত করা হয়েছে। দুই থেকে আড়াই ফুট লম্বা গাছের সবুজ কাণ্ডে গোলাকৃতির সাদা সাদা ফুল বাতাসে দুলছে। প্রকৃতির এই অপার সৌন্দর্য দেখতে অনেকেই ছুটে আসছেন। বিশাল আয়তনের এই পেঁয়াজখেত দিনাজপুরের বিরল উপজেলার ধামইর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে।
পেঁয়াজবীজের চোখজুড়ানো এই খেত মিলন ইসলাম ও কলোনী কান্ত রায়ের। তিন বছর ধরে তাঁরা পেঁয়াজবীজসহ নানা ধরনের কৃষিপণ্যের বীজ উৎপাদন করছেন। এর মধ্যেই এসব বীজ উৎপাদন করে তাঁরা লাভও করছেন।
মিলন জানালেন, গত নভেম্বরের মাঝামাঝি সময়ে ছয় শতাধিক বেডে (প্রতিটির প্রস্থ ১২ ফুট) পেঁয়াজের কন্দ রোপণ করেছেন। সবকিছু ঠিক থাকলে এপ্রিলের শেষ সপ্তাহে বীজ উত্তোলন করবেন। এবার সাড়ে পাঁচ একরে যাবতীয় খরচ বাদ দিয়ে ১০-১৫ লাখ টাকা লাভের সম্ভাবনা দেখছেন তাঁরা।
