মোঃ নাসিরউদ্দিন
নওগাঁ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে জেলার সার্বিক উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে। সভায় আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনসেবামূলক কাজে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ নওগাঁ জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা পুলিশ সুপারকে বিশেষ শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
আজ ১৮ অক্টোবর সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এই মাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম-এর সভাপতিত্বে সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সভার শুরুতে জেলার চলমান উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামোগত উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সাথে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশ প্রশাসনের ভূমিকার ভূয়সী প্রশংসা করা হয়।
এরপর এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর হাতে এই বিশেষ শুভেচ্ছা স্মারক ও সম্মাননা তুলে দেন।
শুভেচ্ছা স্মারক গ্রহণকালে পুলিশ সুপার জেলা প্রশাসনের এই উদ্যোগের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতে জেলা পুলিশ সর্বদা বদ্ধপরিকর। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের এই যৌথ সমন্বয় নওগাঁর উন্নয়ন ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে আরও কার্যকর ভূমিকা রাখবে।”
সভাপতি জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, “একটি জেলার টেকসই উন্নয়নের মূল শর্তই হলো স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি। জেলা পুলিশের দক্ষ নেতৃত্বে নওগাঁর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক। প্রশাসন ও পুলিশের এই পারস্পরিক সহযোগিতা ও মেলবন্ধন আগামীতেও অব্যাহত থাকবে।”
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসকগণ, অতিরিক্ত পুলিশ সুপার, জেলার বিভিন্ন উপজেলার প্রশাসনিক কর্মকর্তা এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা। সভায় নির্ধারিত এজেন্ডা অনুযায়ী বিভিন্ন দপ্তরের কাজের অগ্রগতি তদারকি এবং আগামী দিনের কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।
