মোঃ শিহাব উদ্দিন
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

গোপালগঞ্জে হাম ও রুবেলা প্রতিরোধে তিন সপ্তাহব্যাপী টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে ২০ এপ্রিল থেকে শুরু হওয়া এ কর্মসূচির আওতায় জেলার ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সব শিশুকে এক ডোজ এমআর টিকা দেওয়া হবে।

জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান, কমিউনিটি ক্লিনিক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ নির্ধারিত টিকাদান কেন্দ্রে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকা দেওয়া হচ্ছে। দুর্গম এলাকাতেও অস্থায়ী কেন্দ্র স্থাপন করা হয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম ও রুবেলা অত্যন্ত সংক্রামক রোগ। হামের ফলে নিউমোনিয়া, ডায়রিয়া ও এনকেফালাইটিসের মতো জটিলতা দেখা দিতে পারে। গর্ভবতী নারী রুবেলায় আক্রান্ত হলে গর্ভের শিশুর মারাত্মক ক্ষতির ঝুঁকি থাকে।

জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, আগে টিকা নেওয়া থাকলেও এই ক্যাম্পেইনে শিশুদের আবার এমআর টিকা দেওয়া হবে। কোনো শিশু বাদ পড়লে ক্যাম্পেইন চলাকালীন যেকোনো দিন টিকা নেওয়ার সুযোগ থাকবে।

কর্মসূচি সফল করতে রোববার (১৯ এপ্রিল) বিকেলে সিভিল সার্জনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডা. আবু সাঈদ মো. ফারুক। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. দিবাকর বিশ্বাস, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মেডিকেল অফিসার ডা. নিশাত তাসনিম ও পরিসংখ্যানবিদ মনিরুল ইসলাম।

এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ২০ এপ্রিল বেলা ১১টায় গোপালগঞ্জ পৌরসভায় করবেন জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *