মোঃ ইমরুল আহসান
গাজীপুর মহানগরের গাছাথানাধীন দক্ষিণ খাইলকৈর বাহারমার্কেট এলাকায় সিরাজ উদ্দিনের ভাড়াটিয়া সাথীর বাথরুমের বালতি থেকে তিন বছরের শিশু কুলসুমের মৃতদেহ উদ্ধার করেছে জিএমপি থানা পুলিশ।এলাকাবাসী ও থানা সূত্রে জানা যায়,ফরিদপুর জেলার ভাঙ্গা থানার ফাজিলপুর গ্রামের সেন্টু বেপারী ও মোসাম্মৎ লতিফা বেগম দম্পতি নগরীর খাইলকুর এলাকায় সিরাজউদ্দিনের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছেন।
শনিবার বিকেলে সেন্টু ব্যাপারী ও লতিফা বেগম দম্পতির তিন বছরের শিশু মোছামৎ কুলসুম আক্তার নিখোঁজ হন।বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর একই বাড়ির ভাড়াটিয়া পার্শ্ববর্তী সাথীর বাথরুমের বালতির ভিতরে কাপড় চাপা অবস্থায় পাওয়া গেল কুলসুমের মৃতদেহ।এ সময় বাথরুমটি বাহির থেকে সিটকানি লাগানো ছিল।
এই ঘটনায় এলাকাবাসীর সন্দেহ হলে সাথী আক্তার কে আটক করে জিএমপি গাছা থানায় খবর দেয়।সংবাদ পেয়ে এসি গাছা জোন, অফিসার ইনচার্জ গাছা থানা ও ওসি তদন্ত ঘটনাস্থলে উপস্থিত হয়।পরে উপপরিদর্শক এহসানুল হক সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিকটিমের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন।
অভিযুক্ত সাথী আক্তার সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার মহেশপুর গ্রামের আব্দুস সুবহানের মেয়ে।বর্তমানে সে মহানগরীর দক্ষিণ খাইলকুর এলাকার সিরাজউদ্দিনের ভাড়াটিয়া।শিশু কুলসুম আক্তার নিহতের ঘটনায় পুলিশ সাথী আক্তার কে আটক করেছে।কিভাবে নিহত কুলসুম সাথীর বাথরুমে আসলো,কিভাবেই বা তার মৃত্যু হল এসব বিষয়ে সাথী এখনো মুখ খুলছেন না।পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে হয়তো এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
এ বিষয়ে পরবর্তী আইন ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
