আরিফ রব্বানী
ময়মনসিংহ
উপজেলাকে ডেঙ্গু মশার মুক্ত করা আর জীবাণুবাহী যে কোন রোগ প্রতিরোধে জেলা প্রশাসকের দেওয়া নির্দেশনা মোতাবেক ‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’ শ্লোগান বাস্তবায়নের মাধ্যমে ময়মনসিংহকে পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য জেলা হিসেবে গড়ে তুলতে চলমান ‘ক্লিন সানডে’ কার্যক্রম উদ্যোগে নেতৃত্ব, পরিকল্পনা ও সমন্বয়ের মাধ্যমে বিশেষ অবদান রাখায় ডিসি’স অ্যাওয়ার্ড ফর ক্লিনলিনেস’ সম্মাননা পদক অর্জন করেছেন ময়মনসিংহের সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুল ইসলাম।

রবিবার (২৫ অক্টোবর) জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা তুলে দেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। অক্টোবর মাসের পরিচ্ছন্নতা কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ পুরস্কার দেওয়া হয়।

একই অনুষ্ঠানে জেলার প্রতিটি উপজেলা থেকে পরিচ্ছন্নতা কার্যক্রমে বিশেষ অবদানের জন্য একটি করে মোট ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানকে ‘ডিসি’স অ্যাওয়ার্ড ফর ক্লিনলিনেস’ দেওয়া হয়। এর মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতার চর্চা, পরিবেশ সংরক্ষণ এবং শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে উৎসাহ দেওয়া হচ্ছে।

জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ‘ক্লিন সানডে’ কর্মসূচির মূল লক্ষ্য শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং পরিচ্ছন্নতাকে মানুষের দৈনন্দিন অভ্যাসে পরিণত করা। এ কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সাধারণ মানুষের মধ্যে পরিবেশের প্রতি দায়িত্ববোধ বাড়ানোর পাশাপাশি সবুজ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তোলার বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, পরিচ্ছন্নতা শুধু নির্দিষ্ট একটি দিনের কর্মসূচি নয়; এটি একটি সামাজিক অভ্যাস ও সম্মিলিত দায়িত্ব। শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরিচ্ছন্নতার শিক্ষা ছড়িয়ে পড়লে এর ইতিবাচক প্রভাব পরিবার, সমাজ ও পরবর্তী প্রজন্মের মধ্যেও পড়বে। তাই নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি জনসচেতনতা ও সবার অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।

‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’—এই অঙ্গীকার বাস্তবায়নের মধ্য দিয়ে ময়মনসিংহকে পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যাশা করছে জেলা প্রশাসন। ইউএনও মো. আরিফুল ইসলামের এ স্বীকৃতি উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতাবিষয়ক উদ্যোগকে আরও গতিশীল করতে উৎসাহ জোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে এ ধরনের উদ্যোগ অন্য শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রশাসনিক ইউনিটগুলোকেও পরিচ্ছন্নতা কার্যক্রমে সক্রিয় হতে অনুপ্রাণিত করবে বলে আশা করা হচ্ছে।

পরিচ্ছন্নতার এ উদ্যোগ সফল করতে প্রশাসনের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক, শিক্ষার্থী ও সচেতন নাগরিকদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে।

এদিকে, অক্টোবর মাসের সেরা পরিচ্ছন্ন শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে ময়মনসিংহ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।

এদিকে সফলতার পুরস্কার হাতে পাওয়ার পর ইউএনও আরিফুল ইসলাম জেলা প্রশাসক ও উপজেলার মানুষকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে বলেন
, ‘এই পুরস্কার আমার জন্য অনুপ্রেরণা। আমি
সব সময় নিষ্ঠার সাথে সরকারি দায়িত্ব পালনের চেষ্টা করেছি। কাজের স্বীকৃতি আনন্দের। এ সম্মাননা আমার জন্য নিরন্তর অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *