মোঃ ইমরুল আহসান
বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের সমেষপুর গ্রাম। এ এক গ্রামেই কয়েক কোটি টাকার শীতকালীন সবজির চারা উৎপাদিত হয়। এখানকার কমপক্ষে শতাধিক পরিবার প্রতি বছর জুলাই মাসের শেষ সময় থেকে ডিসেম্বর পর্যন্ত চারা উৎপাদন করছেন। এ সময়ে এ গ্রামটিতে কমপক্ষে ৩ থেকে ৪ কোটি টাকা মূল্যের কপি চারাসহ নানা সবজির চারা বিক্রি হয় বলে জানান সংশ্লিষ্টরা। এতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে এ চারা উৎপাদনে জড়িত শতাধিক পরিবার।
সমেষপুর এলাকার কৃষকরা জানান, কৃষি নির্ভর এ এলাকায় সুপ্রাচীনকাল থেকেই কৃষকরা নানাজাতের শাক-সবজি, তরিতরকারী উৎপাদন করে আসছে। তবে বিগত শতাব্দির ৮০’র দশকের মাঝামাঝি থেকে এ এলাকার কৃষকরা ব্যাপক শীতকালীন জনপ্রিয় সবজি ফুল ও বাঁধা কপি’র চারা উৎপাদন শুরু করে। এক সময়ে সারা দেশে চারার জন্য এ এলাকার নাম ছড়িয়ে পড়ে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে কৃষকরা চারার জন্য ছুটে আসেন।
সমেষপুর গ্রামের কপিচারা উৎপাদনকারী কৃষক সোলেমান, আমিরুল ইসলাম, সাইফুল, কামরুল ইসলাম জানান, প্রতি বছর জুলাই মাসের শেষ দিকে ময়নামতি এলাকার এ উচুঁ জমিতে কপি চারা উৎপাদনের জন্য প্রথমে জমি তৈরী করা হয়। এরপর প্রতিটি লম্বায় ১২ ফুট এবং প্রস্থে ৪ ফুট আকারের ছোট ছোট জমিতে টুকরা করা হয়। স্থানীয় ভাষায় যাকে বীট বলে। এরপর বীজ রোপণ করে। বীজ বপনের ৩-৪ দিনের মধ্যেই চারা গজাতে থাকে। এক সপ্তাহের মধ্যেই চারা বিক্রির উপযোগী হয়ে উঠে।
কৃষক জহিরুল বলেন, আগস্টের শুরুতে প্রতি হাজার কপি চারা গড়ে দেড় হাজার টাকা বিক্রি করি। পরবর্তীতে চারার মূল্য কিছুটা কমে আসে। কৃষক জাহাঙ্গীর আলম বলেন, এ গ্রামে প্রায় ৫০ একর জমিতে ১০০ কৃষক পরিবার প্রতিবছর শীতকালীন বিভিন্ন সবজির চারা উৎপাদন করে। গুণগত মান ভালো হওয়ায় এ চারার চাহিদা সারাদেশে রয়েছে। এমনকি পাশ্ববর্তী দেশ ভারতও যাচ্ছে এ চারা। প্রতি সিজনে ৩ থেকে ৪ কোটি টাকা মূল্যের চারা এখানে ক্রয়-বিক্রয় হয়।
শুধু সমেষপুর গ্রাম নয়, জেলার বেশ কয়েকটি উপজেলায় শীতকালীন নানা সবজির চারা উৎপাদন করা হয়। যার চাহিদা রয়েছে দেশের অন্যান্য জেলাগুলোতেও। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, জেলার আদর্শ সদর, বুড়িচং, দেবিদ্বার, চান্দিনা, বরুড়া উপজেলার বিভিন্ন স্থানে শীতকালীন সবজির চারা উৎপাদিত হয়।
