ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনে দায়েরকৃত মামলার জহিরুল ইসলাম রুবেল (৪৮) নামের এক সন্দিগ্ধ আসামিকে গ্রেফতার করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) রাত দেড়টার দিকে উপজেলার গাবরবোয়ালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জহিরুল ইসলাম রুবেল ঈশ্বরগঞ্জ উপজেলার গাবরবোয়ালী গ্রামের মৃত জয়নব আলী ও মোছাঃ সালমা বেগমের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ রোমনের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ অভিযানিক দল রোববার রাত ১টা ৩০ মিনিটের দিকে গাবরবোয়ালী এলাকায় অভিযান চালায়। অভিযানে গত ২১ অক্টোবর ঈশ্বরগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ ধারায় দায়েরকৃত মামলার (মামলা নং-২৭) সন্দিগ্ধ আসামি হিসেবে জহিরুল ইসলাম রুবেলকে গ্রেফতার করা হয়।
এছাড়াও জহিরুল ইসলাম রুবেল ১৯৯৫ সালের একটি হত্যা মামলার এজহারভুক্ত আসামি ছিলেন। এদিকে রুবেলকে ঘিরে এলাকায় অতীতের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে নানা অভিযোগ রয়েছে। স্থানীয় যুবদল ও ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর অভিযোগ, রুবেল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে বিভিন্ন সময় অপপ্রচার ও বিতর্কিত মন্তব্য করেছেন। তাঁদের দাবি, তিনি এলাকায় মাদক কারবার, ভূমি দখলসহ বিভিন্ন অপকর্ম ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। তবে এসব অভিযোগের স্বাধীন সত্যতা যাচাই করা যায়নি। রুবেলের গ্রেপ্তারের ঘটনায় এলাকায় স্বস্তি ফিরেছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ রোমন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম গ্রহণ শেষে রোববারই তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এলাকার সার্বিক নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
