সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ
ময়মনসিংহ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং দায়িত্ব পালনে ভালো কাজের স্বীকৃতি হিসেবে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহবুবুল হককে পুরস্কৃত করা হয়েছে।
ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তাঁর হাতে পুরস্কার তুলে দেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান। দায়িত্বশীলতা, পেশাদারিত্ব ও আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকার জন্য তাঁকে এ স্বীকৃতি দেওয়া হয়।
পুরস্কার প্রদানকালে পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের প্রতিটি সদস্যকে পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। ভালো কাজের স্বীকৃতি পুলিশ সদস্যদের আরও উৎসাহিত করবে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের দায়িত্ব পালনে ইতিবাচক ভূমিকা রাখবে।
জেলা পুলিশের কর্মকর্তারা জানান, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান, চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কার্যকর ব্যবস্থা গ্রহণে ডিবি পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ। দায়িত্ব পালনে দক্ষতা ও সক্রিয়তার স্বীকৃতি হিসেবে ওসি মাহবুবুল হকের এ পুরস্কার প্রদান করা হয়েছে।
এ সময় ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশরাফুল করিম এবং অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল-মামুনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ কর্মকর্তাদের মতে, আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনের ক্ষেত্রে এ ধরনের স্বীকৃতি মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের আরও উৎসাহিত করবে। পাশাপাশি জনগণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
